নতুন দিল্লি, ৮ জুলাই: প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতের সময় তিনি নিজের পারিবারিক সংগ্রহে সংরক্ষিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা একটি ঐতিহাসিক চিঠি এবং তাঁর একটি বিরল আলোকচিত্র অমিত শাহের হাতে তুলে দেন।
জানা গিয়েছে, চিঠিটি ১৯৪৩ সালের ৫ অক্টোবর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুখেন্দু শেখর রায়ের বাবা শিবেন্দু শেখর রায়ের উদ্দেশে লিখেছিলেন। চিঠিতে তৎকালীন ত্রাণকার্য, মালদহে একটি কলেজ প্রতিষ্ঠার সুপারিশ এবং উত্তরবঙ্গ সফর স্থগিত রাখার প্রসঙ্গ উল্লেখ রয়েছে। দীর্ঘদিন ধরে সংরক্ষিত এই ঐতিহাসিক দলিল আজও সেই সময়ের নানা ঘটনার সাক্ষ্য বহন করে।
সৌজন্য সাক্ষাতের সময় সুখেন্দু শেখর রায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি বিরল আলোকচিত্রও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন। ঐতিহাসিক স্মারক সংরক্ষণ এবং দেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মৃতিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
এই সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক মহলেও আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশেষ করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাতে লেখা চিঠি ও তাঁর স্মৃতিচিহ্ন তুলে দেওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
