পপ তারকা টেলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে এক ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছেন। টেলর সুইফটের প্রতিনিধি এই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিনেতা অ্যাডাম স্যান্ডলার তাঁদের বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন।
বিয়েতে উপস্থিত ছিলেন সংগীত, চলচ্চিত্র ও ক্রীড়াজগতের বহু পরিচিত মুখ। অতিথিদের তালিকায় ছিলেন গিগি হাদিদ, এড শিরান, ব্র্যাডলি কুপার, ডাকোটা জনসন, হিউ গ্রান্ট, জিমি ফ্যালন, এলি গোল্ডিং, জোয়ে ক্রাভিটজ, জেসন সুদেইকিস-সহ একাধিক তারকা। অনুষ্ঠানের আগে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে একই ভেন্যুর ইনফোসিস থিয়েটারে একটি ব্যক্তিগত রিহার্সাল ডিনারেরও আয়োজন করা হয়েছিল।
এখনও পর্যন্ত টেলর বা ট্রাভিস কেউই বিয়ের কোনও ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেননি। পুরো অনুষ্ঠানই কড়া নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে সম্পন্ন হয়েছে।
২০২৫ সালের আগস্টে যৌথ ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বাগদানের ঘোষণা করেছিলেন টেলর সুইফট ও ট্রাভিস কেলসি। সেই পোস্টের ক্যাপশনে টেলর লিখেছিলেন, “Your English teacher and your gym teacher are getting married.”
দু’জনের সম্পর্কের শুরু ২০২৩ সালে। ট্রাভিস কেলসি তাঁর ‘নিউ হাইটস’ পডকাস্টে জানিয়েছিলেন, টেলরের ‘ইরাস ট্যুর’-এর একটি কনসার্টে নিজের ফোন নম্বর লেখা একটি ‘ফ্রেন্ডশিপ ব্রেসলেট’ তাঁকে দেওয়ার চেষ্টা করেছিলেন। যদিও প্রথমবার তা সম্ভব হয়নি, পরে তাঁদের মধ্যে যোগাযোগ তৈরি হয় এবং সেখান থেকেই শুরু হয় সম্পর্ক।
