34.7 C
Kolkata
July 4, 2026
রাজ্য

সাত বছরের বকেয়া পেনশনের এরিয়ার মেটাবে রাজ্য, চলতি মাসেই মিলবে ৫০ শতাংশ

রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া পেনশনের এরিয়ার মেটানোর সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে আটকে থাকা পেনশনের বকেয়া ধাপে ধাপে পরিশোধ করা হবে। প্রথম পর্যায়ে চলতি মাসেই প্রাপকদের অ্যাকাউন্টে বকেয়ার ৫০ শতাংশ টাকা পাঠানো হবে।

শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, ২০১৫ সালে বিভিন্ন ব্যাঙ্কের অনলাইন ব্যবস্থার জটিলতার কারণে বহু অবসরপ্রাপ্ত কর্মীর পেনশনের এরিয়ারের টাকা আটকে যায়। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে দাবি জানানো হলেও এতদিন কোনও সমান হয়নি।

সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রযুক্তিগত বা প্রশাসনিক সমস্যার কারণে যাঁরা এতদিন বকেয়া পেনশনের টাকা পাননি, তাঁরা এই সুবিধার আওতায় আসবেন। প্রথমে আনুমানিক হিসাবের ভিত্তিতে মোট বকেয়ার ৫০ শতাংশ দেওয়া হবে। বাকি ৫০ শতাংশ নির্দিষ্ট অডিট ও হিসাব যাচাইয়ের পর ধাপে ধাপে পরিশোধ করা হবে।

সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, পুরসভা, পঞ্চায়েত এবং বিভিন্ন সরকারি দফতরের বহু অবসরপ্রাপ্ত কর্মী দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত ছিলেন। নবান্নের এই সিদ্ধান্তে তাঁদের দীর্ঘদিনের সমস্যার সমাধানের পথ খুলবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা।

এ ছাড়াও বৈঠকে হোমগার্ডদের বকেয়া সংক্রান্ত বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) ২০ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে। এর ফলে ডিএ বেড়ে ৩৮ শতাংশ হলেও বর্ধিত হারে সেই ভাতা কার্যকর হবে আগামী অক্টোবর মাস থেকে।

Related posts

Leave a Comment