34.7 C
Kolkata
July 4, 2026
রাজ্য

শুভেন্দুর পাড়ার দুর্গাপুজোয় থিম মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের বীরগাথা

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাড়ার দুর্গাপুজোয় এ বছর উঠে আসছে অবিভক্ত মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। পূর্ব মেদিনীপুরের কাঁথির নান্দনিক ক্লাবের ৪৭তম বর্ষের শারদোৎসবের থিম রাখা হয়েছে ‘পুণ্যভূমি মেদিনীপুরের বীরগাথা’। জেলার স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ও বীর বিপ্লবীদের অবদানই হবে এ বারের মণ্ডপসজ্জার মূল আকর্ষণ।

নান্দনিক ক্লাবের সঙ্গে বহুদিন ধরেই অধিকারী পরিবারের নিবিড় সম্পর্ক রয়েছে। ক্লাবের আলঙ্কারিক সভাপতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সম্পাদক কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী এবং প্রাক্তন সাংসদ শিশির অধিকারী ক্লাবের আজীবন সদস্য। এ বারের থিম নির্মাণের দায়িত্বে রয়েছেন শিল্পী অনির্বাণ দাস। তাঁর পরিকল্পনায় মণ্ডপে তুলে ধরা হবে অবিভক্ত মেদিনীপুরের স্বাধীনতা আন্দোলনের নানা অধ্যায় এবং সেই সময়ের ঐতিহাসিক ব্যক্তিত্বদের অবদান।

শিল্পী অনির্বাণ দাস জানান, তাঁর পরিবারও স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল। তাঁর দাদু স্বাধীনতা সংগ্রামী শৈলেন্দ্রনাথ দাস এবং প্রপিতামহ চারুচন্দ্র দাস অনুশীলন সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তাই মেদিনীপুরের ইতিহাসকে শিল্পের মাধ্যমে তুলে ধরার সুযোগকে তিনি গর্বের বলে মনে করছেন।

মণ্ডপে সুশীল ধাড়া, বীরেন্দ্রনাথ শাসমল, মাতঙ্গিনী হাজরা, অজয় মুখোপাধ্যায়, সতীশ সামন্ত, ক্ষুদিরাম বসু, প্রদ্যোৎকুমার ভট্টাচার্য, হেমচন্দ্র কানুনগো-সহ অবিভক্ত মেদিনীপুরের একাধিক স্বাধীনতা সংগ্রামীর অবদান তুলে ধরা হবে। আয়োজকদের মতে, নতুন প্রজন্মের সামনে জেলার গৌরবময় ইতিহাস তুলে ধরাই এ বছরের মূল উদ্দেশ্য।

ক্লাব সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ জুলাই উল্টোরথের দিন খুঁটিপুজোর মাধ্যমে এ বছরের শারদোৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে।

Related posts

Leave a Comment