সাঙ্গরুর— পাঞ্জাবকে দেশের ক্রীড়াক্ষেত্রে আবার শীর্ষস্থানে ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। সাঙ্গরুরে ৯ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত অলিম্পিক মানের সুইমিং পুলের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানান, এই পরিকাঠামো ভবিষ্যতে এশিয়ান গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিকের পদকজয়ী ক্রীড়াবিদ তৈরির কেন্দ্র হয়ে উঠবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এই আধুনিক সুইমিং পুল সাঙ্গরুরের যুব সমাজের জন্য উৎসর্গ করা হল। আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত এই সুইমিং পুলের দৈর্ঘ্য ৫০ মিটার, প্রস্থ ২১ মিটার এবং গভীরতা সাড়ে ৪ ফুট থেকে সাড়ে ৭ ফুট। এতে প্রায় আড়াই লক্ষ লিটার জল ধারণের ক্ষমতা রয়েছে।
তিনি জানান, খেলোয়াড়দের সুবিধার জন্য পৃথক স্নানঘর, পোশাক পরিবর্তনের ঘর, প্রশিক্ষকদের জন্য কক্ষ, সরঞ্জাম রাখার ঘর এবং অত্যাধুনিক ব্যায়ামাগার তৈরি করা হয়েছে। সাত বছরের কম বয়সি শিশুদের জন্য আলাদা একটি ছোট সুইমিং পুলও নির্মাণ করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর দাবি, বিশ্বের অন্যতম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই সুইমিং পুল তৈরি হয়েছে। ইউরোপীয় মানের জল পরিশোধন ও জীবাণুমুক্তকরণ ব্যবস্থা থাকায় খেলোয়াড়রা নিরাপদ পরিবেশে অনুশীলনের সুযোগ পাবেন।
ক্রীড়া ক্ষেত্রে রাজ্য সরকারের বিনিয়োগের প্রসঙ্গ তুলে ভগবন্ত মান বলেন, আগের সরকারগুলির সময় যেখানে ক্রীড়া বাজেট ২০০ কোটিরও কম ছিল, সেখানে বর্তমানে তা বাড়িয়ে ১,৭৯০ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সুযোগ পেয়েছে পাঞ্জাব। খুব শীঘ্রই ক্রিকেট ও হকির প্রিমিয়ার লিগও চালু করা হবে বলে তিনি জানান।
অভিভাবকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী আবেদন করেন, সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করুন। ক্রীড়ার বিকাশে অর্থ বা পরিকাঠামোর কোনও অভাব হতে দেবে না রাজ্য সরকার।
