36.7 C
Kolkata
June 30, 2026
দেশ

বিশ্বমঞ্চে ভারতের কথা এখন গুরুত্ব পায়, মোদীর নেতৃত্বেই বদলেছে দেশের মর্যাদা: রাজনাথ সিং

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাঁর বক্তব্য, এক সময় আন্তর্জাতিক মঞ্চে ভারতের মতামতকে যে গুরুত্ব দেওয়া হতো না, এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলেছে। বর্তমানে ভারত যখন কোনও বিষয়ে মত প্রকাশ করে, তখন গোটা বিশ্ব তা গুরুত্ব দিয়ে শোনে।

গুজরাতের ভাদোদরায় ‘ভাইব্র্যান্ট গুজরাত রিজিওনাল কনফারেন্স’-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন, দেশের অর্থনীতি, প্রযুক্তি, কূটনীতি এবং প্রতিরক্ষা শক্তির অগ্রগতির ফলেই আন্তর্জাতিক পরিসরে ভারতের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

তিনি বলেন, ‘আগে আন্তর্জাতিক মঞ্চে ভারতের বক্তব্যকে সেই গুরুত্ব দেওয়া হতো না। কিন্তু আজ ভারত যখন কথা বলে, তখন বিশ্বের বিভিন্ন দেশ মনোযোগ দিয়ে তা শোনে। এটাই আজকের ভারত।’

এই পরিবর্তনের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর কথায়, ‘এই সাফল্যের কৃতিত্ব যদি কাউকে দিতে হয়, তবে তা নরেন্দ্র মোদীকেই দিতে হবে। গুজরাতের মাটিতে জন্ম ও বেড়ে ওঠা মোদী আজ বিশ্বদরবারে ভারতের মর্যাদা আরও উঁচুতে পৌঁছে দিয়েছেন।’

গুজরাতের ঐতিহাসিক ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। মহাত্মা গান্ধী ও সর্দার বল্লভভাই প্যাটেলের অবদানের কথা স্মরণ করে রাজনাথ সিং বলেন, গুজরাত শুধু একটি রাজ্য নয়, এটি একটি চিন্তাধারা। এই রাজ্য দেশকে এমন নেতৃত্ব দিয়েছে, যারা ভারতের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, গুজরাতের শিল্প সংস্কৃতি, উদ্যোগী মানসিকতা এবং পরিকাঠামোগত উন্নয়ন রাজ্যটিকে দেশের অর্থনৈতিক বৃদ্ধির অন্যতম চালিকাশক্তিতে পরিণত করেছে।

‘ভাইব্র্যান্ট গুজরাত’ উদ্যোগের প্রসঙ্গ টেনে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ২০০৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শুরু হওয়া এই উদ্যোগ আজ আন্তর্জাতিক পরিচিতি লাভ করেছে। এটি এখন শুধু বিনিয়োগ সম্মেলন নয়, ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

এদিন প্রতিরক্ষা ও মহাকাশ শিল্প সংক্রান্ত এক আলোচনায় অংশ নিয়ে তিনি টাটা অ্যাডভান্সড সিস্টেমস, লারসেন অ্যান্ড টুবরো, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, নবীন উদ্যোগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। দেশীয় প্রতিরক্ষা উৎপাদনে বেসরকারি উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, উদ্ভাবন এবং উৎপাদনে ভারত এখন নতুন সম্ভাবনার দিকে এগোচ্ছে।

রাজনাথ সিংয়ের বক্তব্য, ‘ভারত এখন শুধু ভবিষ্যতের স্বপ্ন দেখছে না, সেই ভবিষ্যৎ নিজেই গড়ে তুলছে। দেশে নকশা, গবেষণা ও উৎপাদিত পণ্য শুধু দেশের প্রয়োজনই মেটাবে না, আন্তর্জাতিক বাজারেও নিজেদের জায়গা করে নেবে।’

Related posts

Leave a Comment