30.2 C
Kolkata
June 28, 2026
বিদেশ

১৬ বছরের কম বয়সিদের সমাজমাধ্যমে ঢুকতে দিলে দ্বিগুণ জরিমানা, কড়া আইন আনছে অস্ট্রেলিয়া

ক্যানবেরা, ২৮ জুন: ১৬ বছরের কম বয়সিদের (Under 16 Social Media Ban) সমাজমাধ্যম ব্যবহার রুখতে প্রযুক্তি সংস্থাগুলির বিরুদ্ধে আরও কঠোর হতে চলেছে অস্ট্রেলিয়া (Australia)। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ (Anthony Albanese) ঘোষণা করেছেন, নিয়ম না মানলে সমাজমাধ্যম সংস্থাগুলির সর্বোচ্চ জরিমানা ৪ কোটি ৯৫ লক্ষ অস্ট্রেলীয় ডলার থেকে বাড়িয়ে ৯ কোটি ৯০ লক্ষ অস্ট্রেলীয় ডলার করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, শিশুদের সমাজমাধ্যম থেকে দূরে রাখতে প্রযুক্তি সংস্থাগুলি এখনও যথেষ্ট পদক্ষেপ করছে না। তাই বিশ্বের প্রথম এই আইনকে আরও কার্যকর করতে নতুন সংশোধনী আনা হচ্ছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, অনলাইন নিরাপত্তা কমিশনার (eSafety Commissioner) সমাজমাধ্যম সংস্থাগুলির কাছ থেকে সরাসরি তথ্য ও প্রমাণ চাইতে পারবেন। সংস্থাগুলিকে দেখাতে হবে, তারা কীভাবে ১৬ বছরের কম বয়সিদের তাদের মঞ্চ ব্যবহার করা থেকে বিরত রাখছে।

২০২৫ সালের ডিসেম্বর মাসে কার্যকর হওয়া আইনের আওতায় টিকটক (TikTok), এক্স (X), ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram), ইউটিউব (YouTube) এবং স্ন্যাপচ্যাট (Snapchat)-এর মতো সমাজমাধ্যমগুলিকে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের প্রবেশ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের (University of Newcastle) সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, আইন কার্যকর হওয়ার তিন মাস পরেও ১৬ বছরের কম বয়সি ৮৫ শতাংশের বেশি কিশোর-কিশোরী সমাজমাধ্যম ব্যবহার করছে। তাঁদের অনেকেই নিজের অ্যাকাউন্ট, বিকল্প অ্যাকাউন্ট অথবা অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে এই নিষেধাজ্ঞা এড়িয়ে যাচ্ছে।

গবেষকদের মতে, শুধুমাত্র বয়স যাচাইয়ের ব্যবস্থা যথেষ্ট নয়। শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে আরও শক্তিশালী প্রযুক্তিগত ব্যবস্থা এবং কঠোর নজরদারির প্রয়োজন রয়েছে।

Related posts

Leave a Comment