দিল্লি, ২৮ জুন: ভারতীয় সংস্কৃতি (Indian Culture) এবং বৈদিক ঐতিহ্যের (Vedic Traditions) প্রসার এখন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার ‘মন কি বাত’ (Mann Ki Baat)-এর ১৩৫তম পর্বে তিনি ডোমিনিকান প্রজাতন্ত্রের (Dominican Republic) একদল স্প্যানিশ ভাষাভাষী স্থানীয় মানুষের উদ্যোগের বিশেষ প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী জানান, ক্যারিবিয়ান অঞ্চলের এই দেশে ভারতীয়দের সংখ্যা খুবই কম। তবুও স্থানীয় কয়েক জন ‘ব্রহ্মকমল ডোমিনিকানা’ (Brahmakamal Dominicana) নামে একটি দল গড়ে বৈদিক সাহিত্য অধ্যয়ন এবং সংস্কৃত মন্ত্রোচ্চারণ শিখছেন।
মোদীর কথায়, দলের সদস্যদের কোনও আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেই। তাঁরা শুধুমাত্র অডিয়ো রেকর্ডিং শুনে সংস্কৃত মন্ত্রের সঠিক উচ্চারণ রপ্ত করেছেন। বর্তমানে তাঁরা ‘পুরুষসূক্ত’, ‘শ্রীসূক্ত’, ‘শ্রীরুদ্রম’, ‘দুর্গাসূক্ত’ এবং ‘দেবীমাহাত্ম্যম’-সহ একাধিক বৈদিক স্তোত্র দক্ষতার সঙ্গে পাঠ করতে পারেন।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ ভারতীয় সঙ্গীত, আধ্যাত্মিকতা এবং সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছেন। ভারতের বহু দূরে বসেও যাঁরা নিষ্ঠার সঙ্গে ভারতীয় ঐতিহ্য শিখছেন, তাঁদের এই প্রচেষ্টা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
তিনি আরও বলেন, ভারতীয় সংস্কৃতিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলতে যাঁরা নিরন্তর কাজ করছেন, তাঁদের সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছেন।
