June 27, 2026
রাজ্য

দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি শেষ, ১০৮ নদীর জলে হবে মহাস্নান, ভক্ত সমাগমের আশা কর্তৃপক্ষের

দিঘা — রথযাত্রার আগে দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা উৎসবকে ঘিরে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ২৯ জুন আয়োজিত হবে জগন্নাথদেবের স্নানযাত্রা। মন্দির কর্তৃপক্ষের আশা, এ বছরও এই ধর্মীয় উৎসবে হাজার হাজার ভক্তের সমাগম হবে। দিঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর এটি দ্বিতীয় স্নানযাত্রা উৎসব।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদিক আচার মেনে ১০৮টি নদীর জল, দুধ এবং বিভিন্ন পবিত্র উপচার দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দারুমূর্তিকে স্নান করানো হবে। মূল মন্দিরের পাশেই নির্মিত বিশেষ স্নানমণ্ডপে এই অনুষ্ঠান সম্পন্ন হবে।

দিঘা জগন্নাথ মন্দির ট্রাস্টি কমিটির সদস্য এবং কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেন, সকাল ৯টায় ‘পহন্ডি বিজয়’ আচার পালনের মাধ্যমে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি মূল মন্দির থেকে স্নানমণ্ডপে নিয়ে আসা হবে। এরপর সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে মহাস্নান অনুষ্ঠান।

স্নানযাত্রা সম্পন্ন হওয়ার পর দেবতাদের পুনরায় মূল মন্দিরে নিয়ে যাওয়া হবে। দুপুর ১টায় অনুষ্ঠিত হবে ‘গজবেশ’ অনুষ্ঠান। সেই সময় ভক্তদের জন্য নিবেদন করা হবে ঐতিহ্যবাহী ৫৬ ভোগ।

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, স্নানযাত্রায় বিপুল পরিমাণ জলে স্নান করার পর জগন্নাথদেব অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি নির্দিষ্ট সময়ের জন্য নিভৃতবাসে যান। এই সময় ভক্তদের দর্শন বন্ধ থাকে। নিভৃতবাস শেষে সুস্থ হয়ে জগন্নাথদেব দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশে যাত্রা করেন। সেই রথযাত্রাকে ঘিরেই প্রতিবছর দেশ-বিদেশের অসংখ্য ভক্তের সমাগম হয়।

স্নানযাত্রাকে কেন্দ্র করে দিঘা জুড়ে নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্দির চত্বর ও আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকেও একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্দির কর্তৃপক্ষের আশা, দ্বিতীয় বছরের এই স্নানযাত্রা উৎসব দিঘাকে আরও গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। রথযাত্রার আগে এই উৎসবকে ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উৎসাহ তুঙ্গে।

Related posts

Leave a Comment