বিজয়ওয়াড়া | ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২১ জুন অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া-অমরাবতীতে বৃহৎ যোগ অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন যোগগুরু বাবা রামদেব এবং আচার্য বালকৃষ্ণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।
এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল প্রতিপাদ্য “Yoga For Healthy Aging”। অন্ধ্রপ্রদেশ সরকারের আয়ুষ দফতর এবং পতঞ্জলি যোগপীঠ, হরিদ্বারের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিজয়ওয়াড়ার লাব্বিপেট এলাকার ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ভোর ৫টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠান চলবে। আয়োজকদের দাবি, ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ‘মহাকুম্ভ’-এর আদলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
অনুষ্ঠানকে সফল করতে ২৮টি মাল্টি-ক্যামেরা ইউনিট, ড্রোন এবং এলইডি স্ক্রিন মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ও দর্শক ব্যবস্থাপনাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
আয়োজকদের বক্তব্য, কৃষ্ণা নদীর তীরে অবস্থিত অমরাবতী ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও আধ্যাত্মিক কেন্দ্র। প্রাচীন অমরাবতী স্তূপ, ধ্যান বুদ্ধ মূর্তি এবং অমরেশ্বর মন্দিরের জন্য পরিচিত এই অঞ্চল আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য বিশেষ তাৎপর্য বহন করে।
