কলকাতা | 18 জুন: আন্তর্জাতিক যোগ দিবসের আগে যোগচর্চা নিয়ে রাজনৈতিক বিতর্কের মাঝেই স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপরাও যাদবকে পাশে নিয়ে তিনি বলেন, “যোগ কোনও চাপিয়ে দেওয়ার বিষয় নয়। পশ্চিমবঙ্গের মাটি থেকেই যে যোগের সূচনা হয়েছিল, তাকে আবার তার যথাযথ মর্যাদায় ফিরিয়ে আনা হচ্ছে।”
আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হবে রাজ্যের মূল অনুষ্ঠান। সেই কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই জোরকদমে চলছে প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা।
রেড রোডে অনুষ্ঠানের জন্য যান চলাচলে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা হলেও আদালত রাজ্যের উদ্যোগে হস্তক্ষেপ করেনি। তবে সাধারণ মানুষের সুবিধার্থে বিকল্প রাস্তা ব্যবহারের ব্যবস্থা করতে পুলিশকে নির্দেশ দিয়েছে।
রাজ্য প্রশাসনের দাবি, কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের নির্ধারিত প্রোটোকল মেনেই যোগ দিবসের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। দীর্ঘ ১২ বছর পর পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক যোগ দিবস উদ্যাপনে সক্রিয় ভূমিকা নিচ্ছে বলেও জানানো হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, বর্ষার কারণে শহরের বিভিন্ন মাঠ কর্দমাক্ত থাকায় মূল অনুষ্ঠানস্থল হিসেবে রেড রোডকেই বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় ৩৮ হাজার মানুষ অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করেছেন। মূল মঞ্চের সামনে প্রায় ৩৫ হাজার মানুষের বসার ব্যবস্থা রাখা হয়েছে।
সরকারের আশা, কলকাতা ও সংলগ্ন এলাকায় আয়োজিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কয়েক লক্ষ মানুষ যোগ দিবস উদ্যাপনে অংশ নেবেন। ২১ জুন সকাল ৬টা ১৫ মিনিটের মধ্যে অংশগ্রহণকারীদের অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে হবে। এরপর শুরু হবে মূল যোগাভ্যাস পর্ব, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
