কলকাতা | ১৬ জুন: নিজের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট ছড়ানোর অভিযোগে কলকাতা পুলিশের দ্বারস্থ হলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার ঠাকুরপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগে সৌরভ জানিয়েছেন, ‘Sourav Ganguly Fans’ নামে একটি ফেসবুক পেজ ধারাবাহিকভাবে তাঁর সম্পর্কে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রকাশ করছে। অভিযোগে একটি ক্রীড়া সংবাদমাধ্যমের নামও উল্লেখ করা হয়েছে।
প্রাক্তন বিসিসিআই সভাপতি দাবি করেছেন, ওই পেজের পোস্টগুলি জনমানসে তাঁর সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করার উদ্দেশ্যেই করা হচ্ছে। বিষয়টি তাঁর ব্যক্তিগত ও সামাজিক মর্যাদার উপর প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
অভিযোগপত্রে সৌরভ লিখেছেন, “জনপ্রতিনিধি ও পরিচিত ব্যক্তিত্ব হিসেবে সমালোচনা এবং মতামতকে আমি স্বাভাবিকভাবেই গ্রহণ করি। কিন্তু ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর, মানহানিকর ও ক্ষতিকর তথ্য ছড়িয়ে আমার সুনাম নষ্ট করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রয়োজন।”
তিনি পুলিশকে ওই ফেসবুক পেজের পরিচালকদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ১৯৯৬ সালে লর্ডসে টেস্ট অভিষেকে শতরান করে আন্তর্জাতিক ক্রিকেটে নজর কাড়েন। পরবর্তীতে তাঁর নেতৃত্বেই ২০০৩ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ভারত। দেশের ক্রিকেটে নতুন প্রজন্মের একাধিক তারকাকে তুলে আনার কৃতিত্বও তাঁর ঝুলিতে রয়েছে।
