29.1 C
Kolkata
June 16, 2026
বিদেশ

জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিয়াঁয় পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি

এভিয়াঁ, ১৬ জুন: জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার ফ্রান্সের এভিয়াঁ শহরে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউরোপ সফরের গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে এই সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক ও আলোচনা করবেন তিনি। এভিয়াঁ পৌঁছে সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী জানান, বিশ্ব নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময়ের অপেক্ষায় রয়েছেন তিনি। পাশাপাশি আরও টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে ভারত সম্মিলিত প্রচেষ্টার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন।

এক সপ্তাহের ইউরোপ সফরের শুরুতে প্রধানমন্ত্রী প্রথমে ফ্রান্সের নিস শহরে যান। সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথভাবে ‘ভারত ইনোভেটস’ সম্মেলনের উদ্বোধন করেন। পরে তিনি স্লোভাকিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠক করেন। দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ’-এ উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্লোভাকিয়া সফরে প্রধানমন্ত্রী মোদিকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ প্রদান করা হয়। এরপর জেনিভায় পৌঁছলে তাঁকে স্বাগত জানান সুইৎজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন। দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।

এভিয়াঁয় জি-৭ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও দ্রুত ব্যবহার এবং নতুন বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি আমন্ত্রিত দেশগুলির নেতাদের সঙ্গেও তাঁর একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে।

সম্মেলনের ফাঁকে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। জি-৭ সম্মেলন শেষে বৃহস্পতিবার তিনি প্যারিসে যাবেন। সেখানে দ্বিপাক্ষিক কর্মসূচির পাশাপাশি ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ‘ভিভাটেক ২০২৬’-এ অংশ নেবেন এবং ভারতীয় প্রবাসীদের উদ্দেশেও ভাষণ দিতে পারেন।

Related posts

Leave a Comment