31 C
Kolkata
June 13, 2026
রাজ্য

মেসি সফর বিতর্কে অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিস, ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে তৈরি হওয়া বিতর্কের তদন্তে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের নোটিস পাঠাল পুলিশ। শনিবার বিধাননগর দক্ষিণ থানার পক্ষ থেকে তাঁকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হাজির হয়ে জিজ্ঞাসাবাদে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে দু’বার নোটিস পাঠানো হলেও তিনি হাজির হননি।

মেসি সফর সংক্রান্ত মামলায় সম্প্রতি কলকাতা হাই কোর্ট থেকে অন্তর্বর্তী রক্ষাকবচ পেয়েছেন অরূপ। আদালত জানিয়েছে, আগামী ১৭ আগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। তবে তদন্তে সহযোগিতা করতে হবে এবং পুলিশি নোটিস পেলে হাজিরা দিতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে পুলিশকে।

২০২৫ সালের ১৩ ডিসেম্বর কলকাতায় এসেছিলেন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। অভিযোগ, অরূপ বিশ্বাস এবং তাঁর ঘনিষ্ঠরা মেসির খুব কাছাকাছি চলে যাওয়ায় নিরাপত্তা বিঘ্নিত হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মেসি দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে এই ঘটনার জেরে ক্রীড়ামন্ত্রীর পদ থেকেও ইস্তফা দেন অরূপ।

মামলার অভিযোগকারী শতদ্রুর দাবি, অনুষ্ঠানের জন্য ছাপানো প্রায় ৭০ হাজার টিকিটের মধ্যে ২২ হাজার টিকিট অরূপ বিশ্বাসের নিয়ন্ত্রণে ছিল এবং সেগুলির একটি অংশ বেশি দামে বিক্রি করা হয়েছিল। সেই অভিযোগের সূত্র ধরেই তদন্ত শুরু হয়েছে।

এদিকে অরূপের ভাই স্বরূপ বিশ্বাসকে ইতিমধ্যেই তোলাবাজি, শ্লীলতাহানি-সহ একাধিক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ফলে দুই ভাইকে ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে।

এখন নজর, তৃতীয় নোটিসের পর অরূপ বিশ্বাস তদন্তে হাজিরা দেন কি না, সেদিকেই।

Related posts

Leave a Comment