দুই বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু অস্ট্রেলিয়ান ওপেন ২০২৬-এ দুরন্ত ছন্দ বজায় রেখে সেমিফাইনালে জায়গা করে নিলেন। শুক্রবার সিডনির কুয়েসেন্টারে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের চেন সু ইউ-কে মাত্র ২৭ মিনিটে ২১-৬, ২১-৯ ব্যবধানে হারিয়ে শেষ চারে পৌঁছে যান ভারতের তারকা শাটলার।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় সিন্ধুকে। প্রতিপক্ষকে কোনও সুযোগ না দিয়ে একতরফা আধিপত্য বজায় রেখে সহজেই জয় তুলে নেন তিনি। চলতি মরশুমে এটি সিন্ধুর দ্বিতীয় সেমিফাইনাল উপস্থিতি। এর আগে মালয়েশিয়া ওপেনেও শেষ চারে উঠেছিলেন তিনি।
এবার সেমিফাইনালে সিন্ধুর সামনে কঠিন পরীক্ষা। তাঁর প্রতিপক্ষ জাপানের শীর্ষ বাছাই এবং তিন বারের বিশ্বচ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচি। দুই তারকার মধ্যে এটি হবে ২৯তম সাক্ষাৎ। মুখোমুখি লড়াইয়ে সিন্ধু ১৫-১৩ ব্যবধানে এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে ইয়ামাগুচির দাপট বেশি। শেষ পাঁচ সাক্ষাতের মধ্যে চারটিতেই জয় পেয়েছেন জাপানি শাটলার।
অন্যদিকে, ভারতের তরুণ প্রতিভা তানভি শর্মার স্বপ্নের দৌড় শেষ হয়েছে কোয়ার্টার ফাইনালে। ইয়ামাগুচির বিরুদ্ধে ২১-১৪, ২১-১৪ ফলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন তিনি। তবে মাত্র ১৭ বছর বয়সে তাঁর পারফরম্যান্স ভারতীয় ব্যাডমিন্টনের ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে।
পুরুষদের ডাবলস বিভাগে ভারতীয় জুটি হরিহরণ আমসাকারুনান ও এমআর অর্জুন কোয়ার্টার ফাইনালে চোটজনিত কারণে দ্বিতীয় গেম চলাকালীন ম্যাচ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।
