উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার একটি ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলে তল্লাশি চালিয়ে উদ্ধার হল ১ কোটি ৭৭ লক্ষ টাকারও বেশি নগদ। বুধবার গভীর রাত থেকে শুরু হওয়া অভিযানে ভোর পর্যন্ত চলে টাকা গণনার কাজ। একইসঙ্গে স্কুলের ‘সিক রুম’-এর একটি আলমারি থেকে কন্ডোমের প্যাকেট উদ্ধারের ঘটনাও চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলির তথ্য সংগ্রহের কাজ চলাকালীন স্কুলটি সম্পর্কে কিছু তথ্য পান স্থানীয় বিজেপি বিধায়ক সুদীপ্ত দাসের প্রতিনিধিরা। এরপর বিষয়টি জানাজানি হলে স্কুলে পৌঁছান বিধায়ক। খবর দেওয়া হয় পুলিশকে। পরে কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় থানার পুলিশ যৌথভাবে তল্লাশি চালায়।
উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ গোনার জন্য রাতেই স্কুলে নিয়ে যাওয়া হয় একাধিক টাকা গণনার যন্ত্র। দীর্ঘ সময় ধরে চলা গণনার পর ভোর সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ১ কোটি ৭৭ লক্ষ টাকা গণনা করা হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনা প্রসঙ্গে বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস দাবি করেন, উদ্ধার হওয়া অর্থ স্কুলের নয় এবং এর উৎস নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। তিনি অভিযোগ করেন, এই অর্থ কালো টাকার সঙ্গে যুক্ত হতে পারে। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
অন্যদিকে, স্কুলের প্রিন্সিপাল বিকাশচন্দ্র পাল দাবি করেছেন, উদ্ধার হওয়া নগদ অর্থ ছাত্রভর্তি ও ফি বাবদ জমা হয়েছিল। তাঁর বক্তব্য, সেই টাকা ব্যাঙ্কে জমা দেওয়ার কথা ছিল। ‘সিক রুমে’ কন্ডোমের প্যাকেট কীভাবে এল, তা তাঁর জানা নেই বলেও জানিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, বিপুল পরিমাণ নগদ অর্থের উৎস, হিসাবপত্র এবং তা স্কুলে মজুত রাখার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে স্কুলের ক্যাশিয়ার অভীক নাথ এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট সায়ন ঘোষকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বীজপুর থানার পুলিশ।
