তোলাবাজি ও কাটমানি আদায়ের অভিযোগে গ্রেপ্তার হলেন রিষড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক। একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাঁর ছেলে সুজিত ঘটককেও। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বুধবার এই পদক্ষেপ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ জুন সঞ্জিত বর্মন নামে এক ব্যক্তি রিষড়া থানায় শীতল ঘটক, তাঁর ছেলে সুজিত ঘটক-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি আদায় করা হত। পাশাপাশি তোলাবাজি, মারধর, ভয় দেখানো এবং ভাঙচুরের মতো গুরুতর অভিযোগও রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।
নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের অগ্রগতির ভিত্তিতে কাউন্সিলর শীতল ঘটক ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে তোলাবাজি ও কাটমানির অভিযোগ সামনে এসেছে। রিষড়াতেও একাধিক জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এর মধ্যেই ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুম্পা দাস সরকারের স্বামী শুভজিৎ সরকারের বিরুদ্ধে সরকারি সাইকেল মজুত রাখার অভিযোগ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। তারই মধ্যে এবার ছেলে-সহ গ্রেপ্তার হলেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীতল ঘটক।
