নয়াদিল্লি: দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে বুধবার অনুষ্ঠিত এনডিএ-র গুরুত্বপূর্ণ বৈঠকে রাজনৈতিক আলোচনা যেমন ছিল, তেমনই নজর কাড়ে একেবারে বাঙালি জলযোগ— ঝালমুড়ি। বৈঠক শুরুর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঝালমুড়ি মেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন। পরে সেই ঝালমুড়ি উপভোগ করেন এনডিএ-র অন্যান্য শীর্ষ নেতারাও।
বৈঠকের ফাঁকে ঝালমুড়ি খাওয়ার একটি ছবি নিজের সমাজমাধ্যমে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, “ভারত মণ্ডপমে এনডিএ বৈঠকের মধ্যে ঝালমুড়ির বিরতি। আমাদের সমস্ত নেতৃত্ব এই জলযোগ দারুণ উপভোগ করেছেন।”
প্রধানমন্ত্রীর পোস্টের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ঝালমুড়ির প্রশংসা করে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “Relished Tangy, Masaledar and Crunchy Jhalmuri at the NDA meeting।” তাঁর এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। কারণ Tangy, Masaledar এবং Crunchy— তিনটি শব্দের আদ্যক্ষর মিলিয়ে তৈরি হচ্ছে ‘TMC’, যা নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা শুরু হয়েছে।
তবে রাজনৈতিক ব্যাখ্যা যাই হোক না কেন, এনডিএ বৈঠকের আনুষ্ঠানিকতার মাঝে বাংলার জনপ্রিয় এই খাদ্যই যে সেদিন বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
