নয়াদিল্লি: ২০২৪ সালের পর ২০২৬-এও গুজরাতে বিজেপির রাজনৈতিক দাপট অটুট। আগামী ১৮ জুন গুজরাতের চারটি রাজ্যসভা আসনে নির্বাচন হতে চলেছে। বর্তমান বিধানসভায় বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতার জেরে চারটি আসনই পদ্ম শিবিরের ঝুলিতে যেতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। এর ফলে প্রথমবারের মতো গুজরাত থেকে রাজ্যসভায় কংগ্রেসের কোনও প্রতিনিধিই নাও থাকতে পারেন।
গুজরাত বিধানসভার মোট ১৮২টি আসনের মধ্যে বিজেপির দখলে রয়েছে ১৬১টি। আগামী ২১ জুন কংগ্রেস নেতা শক্তিসিংহ গোহিল-সহ চার সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, রাজ্যসভায় জিততে একজন প্রার্থীর অন্তত ৪৬ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। সেই অঙ্কে বিজেপি সহজেই চারটি আসন জয়ের অবস্থানে রয়েছে।
অন্যদিকে, কংগ্রেসের বিধায়ক সংখ্যা বর্তমানে মাত্র ১২। আম আদমি পার্টির রয়েছে ৫ জন বিধায়ক এবং সমাজবাদী পার্টির ১ জন। ফলে কংগ্রেসের পক্ষে জয়ের মতো সমর্থন জোগাড় করা কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে। এমনকি দলটি আদৌ প্রার্থী দেবে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।
ইতিমধ্যেই চারটি আসনের জন্য নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। প্রার্থীরা হলেন রাজু শুক্লা, মানসিন পারমার, মুকেশ রাথভা এবং জিতেন্দ্র কাঞ্জারিয়া। বর্তমানে গুজরাত থেকে বিজেপির রাজ্যসভার সাংসদদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর ও জে পি নাড্ডার মতো নেতারা।
বিজেপির দাবি, এই নির্বাচনের মাধ্যমে গুজরাতের রাজ্যসভাও সম্পূর্ণ ‘কংগ্রেস-মুক্ত’ হতে চলেছে। যদিও কংগ্রেসের বক্তব্য, সাংসদের সংখ্যা নয়, মানুষের সমস্যা সংসদে কতটা জোরালোভাবে তোলা হচ্ছে সেটাই আসল বিষয়।
