39.9 C
Kolkata
June 10, 2026
রাজ্য

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের থানায় অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাসের, নতুন তদন্তের দাবি

ডায়মন্ড হারবার — তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুরনো একটি হামলার ঘটনার প্রেক্ষিতে ফের থানার দ্বারস্থ হলেন বিজেপি নেতা অভিজিৎ দাস। ডায়মন্ড হারবার থানার ওসির কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে তিনি ঘটনার নতুন করে তদন্ত এবং এফআইআর দায়েরের দাবি জানিয়েছেন।

অভিযোগপত্রে অভিজিৎ দাস দাবি করেছেন, ২০১৮ সালের ২১ ডিসেম্বর তাঁর উপর একটি পরিকল্পিত প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল। সেই ঘটনার পিছনে সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল বলেও অভিযোগ করেছেন তিনি। ঘটনার পরই তিনি ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বলে জানিয়েছেন।

অভিজিতের বক্তব্য, সেই সময় তিনি চিকিৎসা সংক্রান্ত নথি, মেডিক্যাল রিপোর্ট, ঘটনার ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রশাসনের হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও তদন্তে কোনও দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ তাঁর।

এরপর ২০২৩ সালে তিনি ফের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। কিন্তু সন্তোষজনক উত্তর না পাওয়ায় সম্প্রতি আবার নতুন করে অভিযোগপত্র জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর দাবি, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হোক।

দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক মহলে অভিজিৎ দাস পরিচিত মুখ। বিজেপির সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত রয়েছেন তিনি। জেলার দলীয় নেতা-কর্মীদের মধ্যে ‘ববিদা’ নামেই বেশি পরিচিত। এক সময় দক্ষিণ ২৪ পরগনা জেলা বিজেপির সভাপতির দায়িত্বও সামলেছেন।

উল্লেখ্য, ২০১৪ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অভিজিৎ দাস। তবে দুইবারই জয় অধরা থেকে যায় তাঁর।

নতুন অভিযোগপত্র জমা পড়ার পর রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এখন দেখার, ডায়মন্ড হারবার থানার পক্ষ থেকে এই অভিযোগের ভিত্তিতে নতুন করে তদন্ত শুরু করা হয় কি না এবং প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।

Related posts

Leave a Comment