কলকাতা — বিজেপি সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়ার পর নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা উত্থান-পতনের কথা তুলে ধরলেন ভাটপাড়ার প্রবীণ নেতা অর্জুন সিং। দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই, একাধিক মামলার চাপ এবং ব্যক্তিগত নিরাপত্তা সংক্রান্ত হুমকির মধ্যেও তিনি যে লড়াই চালিয়ে গিয়েছেন, মন্ত্রীত্ব পাওয়ার পর সেই অধ্যায়ের নতুন মূল্যায়ন করলেন তিনি।
অর্জুন সিং বলেন, আগে মন্ত্রী না হতে পারার একটা আক্ষেপ ছিল। তবে এখন সেই অধ্যায়ের সমাপ্তি হয়েছে। তাঁর কথায়, রাজনৈতিক জীবনে বহু বাধা এসেছে, কিন্তু তিনি কখনও পিছিয়ে যাননি।
২০১৯ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়েছিল বলে দাবি করেন অর্জুন। তাঁর অভিযোগ, মোট ২৫৬টি মামলা করা হয়েছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলাগুলি সামলানোই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল।
একই সঙ্গে তিনি দাবি করেন, একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন। এমনকি তাঁর বাড়িতেও বোমা হামলার ঘটনা ঘটেছিল। কিন্তু কোনও পরিস্থিতিতেই তিনি রাজনৈতিক লড়াই থেকে সরে দাঁড়াননি।
উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চল ব্যারাকপুর মহকুমার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই অন্যতম প্রভাবশালী মুখ অর্জুন সিং। ২০০১ সালে প্রথমবার ভাটপাড়া কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। এরপর টানা একাধিকবার জয়ী হয়ে এলাকায় নিজের রাজনৈতিক প্রভাব আরও মজবুত করেন। পরে সাংসদ হিসাবেও দায়িত্ব সামলেছেন তিনি।
মন্ত্রী হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী হবে, সেই প্রশ্নের উত্তরে অর্জুন সিং বলেন, ক্ষমতা পেলে অনেক সময় মানুষ বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই দলের কর্মীদের সংযত রাখা এবং মানুষের জন্য কাজ করে যাওয়াই সবচেয়ে বড় দায়িত্ব।
তৃণমূল কংগ্রেস থেকে নেতাদের বিজেপিতে যোগদান প্রসঙ্গেও স্পষ্ট অবস্থান নিয়েছেন তিনি। অর্জুনের মতে, মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছেন। তাই ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, সেই দলের নেতাদের বিজেপিতে নেওয়া উচিত নয়।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেও এদিন কড়া ভাষায় আক্রমণ করেন অর্জুন। তাঁর অভিযোগ, পূর্বতন সরকার প্রশাসন এবং পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল। জনগণ সেই রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন তিনি।
নতুন মন্ত্রিত্বকে অর্জুন সিংয়ের অনুগামীরা তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি হিসেবে দেখছেন। আর অর্জুনের কথায়, এটি তাঁর রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা।
previous post
next post
