24 C
Kolkata
May 29, 2026
রাজ্য

জনগণনা নিয়ে আগের সরকারকে তোপ শুভেন্দুর, অগস্ট থেকেই শুরু ডিজিটাল সেন্সাস

গত বছরের ফেব্রুয়ারিতেই জনগণনা শুরু করার জন্য দিল্লি থেকে চিঠি এসেছিল পূর্বতন রাজ্য সরকারের কাছে। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই বিষয়ে কোনও পদক্ষেপ করেনি এবং চিঠির জবাবও দেয়নি বলে অভিযোগ করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্ন সভাঘরে জনগণনা সংক্রান্ত প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।

শুভেন্দুর দাবি, রাজনৈতিক কারণেই আগের সরকার জনগণনার কাজ শুরু করেনি। তাঁর কথায়, পূর্বতন মুখ্যসচিব জনগণনা নিয়েও রাজনৈতিক ঐকমত্যের অপেক্ষায় ছিলেন। ফলে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে।

মুখ্যমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর ১১ মে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই জনগণনার কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি ঘোষণা করেন, আগামী ১ অগস্ট থেকে রাজ্যে জনগণনার কাজ শুরু হবে এবং তা আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

জনগণনার গোটা প্রক্রিয়ার দায়িত্বে থাকবেন সেন্সাস ডিরেক্টর রশ্মি কোমল। ১ থেকে ১৫ অগস্ট পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ চলবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জনগণনা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য দু’টি টোল-ফ্রি হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে।

এ বারই প্রথম পশ্চিমবঙ্গে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হবে। সরকারি কর্মীরা নিজেদের মোবাইল ফোন ব্যবহার করে তথ্য সংগ্রহ করবেন। সেই তথ্য একটি বিশেষ অ্যাপের মাধ্যমে সরাসরি কেন্দ্রীয় সার্ভারে আপলোড করা হবে। কেন্দ্রীয় সূত্রে খবর, ওই অ্যাপ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।

Related posts

Leave a Comment