24 C
Kolkata
May 29, 2026
রাজ্য

রাজ্যে চালু হচ্ছে ‘Swachha App’, আবর্জনার ছবি আপলোড করলেই ২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা

রাজ্যে পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও প্রযুক্তিনির্ভর করতে শনিবার ‘Swachha App’ চালু করতে চলেছেন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টর এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এই নতুন মোবাইল অ্যাপের মাধ্যমে রাজ্যের বাসিন্দারা নিজেদের এলাকার আবর্জনার স্তূপ, নোংরা পরিবেশ, নিকাশি সমস্যা বা পরিচ্ছন্নতা সংক্রান্ত অন্য কোনও সমস্যা সরাসরি প্রশাসনের নজরে আনতে পারবেন। নাগরিকরা জিও-ট্যাগ করা ছবি ও লোকেশন আপলোড করে অভিযোগ জানাতে পারবেন।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগ নথিভুক্ত হওয়ার পর সংশ্লিষ্ট পুরসভাকে দু’ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করতে হবে। কাজ সম্পূর্ণ হওয়ার পরে সংশ্লিষ্ট দলকেও জিও-ট্যাগ করা ছবি আপলোড করতে হবে। সেই প্রমাণ আপলোড হওয়ার পরই অভিযোগ নিষ্পত্তি হয়েছে বলে ধরা হবে।

শুক্রবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, রাজ্যে পরিচ্ছন্নতা বজায় রাখতে এই অ্যাপ অন্যতম প্রধান হাতিয়ার হতে চলেছে। তাঁর কথায়, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, উপচে পড়া নর্দমা-সহ বিভিন্ন সমস্যা সরাসরি জানাতে পারবেন সাধারণ মানুষ।

এক্স হ্যান্ডেলে অগ্নিমিত্রা লেখেন, ‘Swachha App’ আরও পরিচ্ছন্ন, স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক বাংলা গড়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রযুক্তি ও নাগরিক অংশগ্রহণের মাধ্যমে উন্নত নাগরিক পরিষেবা নিশ্চিত করাই এই অ্যাপের মূল লক্ষ্য বলে জানান তিনি।

Related posts

Leave a Comment