25 C
Kolkata
May 27, 2026
দেশ

দেশে জনবিন্যাস পরিবর্তন খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন কেন্দ্রের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি


দেশজুড়ে জনবিন্যাসের পরিবর্তন, অবৈধ অনুপ্রবেশ এবং তার সামাজিক-প্রশাসনিক প্রভাব খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মঙ্গলবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কমিটির নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নওলেকর। আগামী এক বছরের মধ্যে কেন্দ্রকে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে কমিটিকে।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা, শহরাঞ্চল, শিল্পাঞ্চল ও জনজাতি অধ্যুষিত অঞ্চলে অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র স্বাভাবিক জন্ম-মৃত্যুর হারের ভিত্তিতে এই পরিবর্তনের ব্যাখ্যা সম্ভব নয় বলেও মত কেন্দ্রের। অবৈধ অনুপ্রবেশ, অনিয়ন্ত্রিত জনসংখ্যা স্থানান্তর এবং অস্বাভাবিক বসতি বৃদ্ধিকে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে থাকছেন জনগণনা কমিশনার, প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ শমিকা রবি। সদস্য-সচিবের দায়িত্বে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব (Foreigners-I)।

কমিটির কাজের মধ্যে থাকবে অবৈধ অভিবাসন, জনবিন্যাসের পরিবর্তনের কারণ, ধর্মীয় ও সামাজিক গোষ্ঠীর জনসংখ্যাগত পরিবর্তন বিশ্লেষণ, সীমান্ত ব্যবস্থাপনা জোরদার করা এবং অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ ও প্রত্যর্পণের জন্য স্থায়ী কাঠামো তৈরির সুপারিশ করা।

কেন্দ্র জানিয়েছে, প্রয়োজন হলে কমিটি বিভিন্ন বিশেষজ্ঞ, নিরাপত্তা সংস্থা, রাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সঙ্গে আলোচনা করতে পারবে। পাশাপাশি বিভিন্ন মন্ত্রক ও রাজ্য সরকারের কাছ থেকে প্রয়োজনীয় নথি ও তথ্য চাওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে কমিটিকে।

Related posts

Leave a Comment