29.4 C
Kolkata
July 13, 2026
দেশ

তীব্র গরমে সতর্ক থাকার বার্তা মোদীর, জল পান ও প্রবীণদের খোঁজ রাখার আবেদন


দেশের বিভিন্ন প্রান্তে তাপপ্রবাহ পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে ওঠায় বুধবার দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি পর্যাপ্ত জল পান, প্রবীণদের খোঁজ রাখা এবং পশুপাখির জন্য জল রাখার আবেদনও জানিয়েছেন।

সমাজমাধ্যম এক্সে একাধিক পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, “ভারতের বিভিন্ন অংশে ভয়াবহ গরম পড়ছে। এই আবহাওয়া আমাদের সকলের জন্যই কঠিন। তাই যতটা সম্ভব সতর্কতা নেওয়ার অনুরোধ করছি। বাইরে বেরোলে অবশ্যই জল সঙ্গে রাখুন, শরীর হাইড্রেটেড রাখুন। অন্য কাউকে এক গ্লাস জলও দিন। এই ধরনের ছোট মানবিকতাই কঠিন সময়ে অনেক বড় সাহায্য হয়ে উঠতে পারে।”

মোদী আরও বলেন, হিট এক্সহস্টশনের লক্ষণগুলির দিকে নজর রাখা জরুরি। মাথা ঘোরা, বমি বমি ভাব, অতিরিক্ত ক্লান্তি বা মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত আক্রান্ত ব্যক্তিকে ঠান্ডা বা ছায়াযুক্ত জায়গায় নিয়ে গিয়ে জল কিংবা ওআরএস দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বিশেষ ভাবে শিশু, প্রবীণ এবং বাইরে কাজ করা মানুষদের ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন। তাঁর কথায়, “এই সতর্কবার্তাগুলি উপেক্ষা করলে পরিস্থিতি দ্রুত বিপজ্জনক হয়ে উঠতে পারে এবং হিটস্ট্রোক পর্যন্ত হতে পারে।”

প্রবীণ বাবা-মা বা আত্মীয়দের নিয়মিত ফোন করে খোঁজ নেওয়ারও অনুরোধ জানিয়েছেন মোদী। দুপুরের তীব্র গরমে বাইরে না বেরোনো এবং বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়ার কথাও বলেন তিনি।

শুধু মানুষ নয়, পশুপাখির প্রতিও সহানুভূতি দেখানোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “এই ভয়াবহ গরমে আমাদের চারপাশের পাখি ও প্রাণীদের কথাও মনে রাখতে হবে। বাড়ি, বারান্দা, দোকান বা অফিসের বাইরে এক বাটি জল রাখলে তা তৃষ্ণার্ত পাখিদের জন্য জীবনদায়ী হতে পারে।”

এ দিকে আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লি-এনসিআর-সহ দেশের একাধিক এলাকায় আগামী কয়েক দিন তীব্র তাপপ্রবাহ চলতে পারে। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ২৯ মে থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনায় তাপমাত্রা কিছুটা কমতে পারে।

Related posts

Leave a Comment