36 C
Kolkata
May 26, 2026
রাজ্য

বুধবার থেকেই অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ, মা ক্যান্টিনে মিলবে মাছ-ভাতও: ঘোষণা শুভেন্দুর

রাজ্যে অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া বুধবার থেকেই শুরু হয়ে যাবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ওই দিন থেকেই প্রকল্পের আবেদনপত্র প্রকাশ করা হবে। পাশাপাশি অফলাইন ও অনলাইন— দু’ভাবেই ফর্ম পূরণের সুযোগ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

কল্যাণীর এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে শুভেন্দু বলেন, “বুধবার নবান্ন থেকে আনুষ্ঠানিক ভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী, মুখ্যসচিব, অর্থসচিব এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে আমি এবং অগ্নিমিত্রা পাল সেই ফর্ম প্রকাশ করব।”

তিনি জানান, নতুন প্রকল্পের আর্থিক সুবিধা পেতে গেলে নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করতে হবে। প্রশাসনিক সূত্রে খবর, আগামী ১ জুন থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে।

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, অন্নপূর্ণা যোজনার আওতায় মাসিক ৩ হাজার টাকা দেওয়া শুরু না হওয়া পর্যন্ত পুরনো ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের টাকা নিয়ম মেনেই দেওয়া হবে। তিনি বলেন, “নথিভুক্তিকরণ যত দ্রুত হবে, তত দ্রুত সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে।”

শুভেন্দু আরও জানান, শুধু সাধারণ মানুষের উপর দায়িত্ব না ছেড়ে দিয়ে বিধায়কদেরও সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে। তাঁর কথায়, “সরকারি আধিকারিকেরা বিডিওদের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সাহায্য করবেন।”

এ প্রসঙ্গে নাগরিকত্ব নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য ভারত সরকারের টাকা নয়।”

এ দিন মা ক্যান্টিন নিয়েও নতুন ঘোষণা করেন শুভেন্দু। তিনি জানান, রাজ্যের প্রায় ৪০০ মা ক্যান্টিনে সপ্তাহে দু’দিন ৫ টাকাতেই মাছ-ভাত দেওয়া হবে। বাকি পাঁচ দিন আগের মতোই ডিম-ভাত মিলবে একই মূল্যে।

Related posts

Leave a Comment