36 C
Kolkata
May 26, 2026
রাজ্য

তল্লাশি বা গ্রেফতারিতে সাদা পোশাকে নয়, উর্দি পরেই যেতে হবে: নতুন নির্দেশ কলকাতা পুলিশের

তল্লাশি অভিযান, গ্রেফতারি বা অন্য সরকারি কাজে আর সাদা পোশাকে যেতে পারবেন না কলকাতা পুলিশের কর্মীরা। এ বার থেকে উর্দি পরেই দায়িত্ব পালন করতে হবে বলে নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ কমিশনারের দফতর।

২৪ মে জারি হওয়া ওই নির্দেশিকায় বলা হয়েছে, কোনও তল্লাশি অভিযান, গ্রেফতারি বা সরকারি কাজে গেলে সংশ্লিষ্ট পুলিশকর্মীদের নির্দিষ্ট উর্দি পরে যেতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া সাধারণ পোশাক ব্যবহার করা যাবে না।

তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে। যদি কোনও বিশেষ পরিস্থিতিতে সাদা পোশাকে অভিযান চালানোর প্রয়োজন হয়, সে ক্ষেত্রে আগে থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। পাশাপাশি অভিযানের সময় সংশ্লিষ্ট পুলিশকর্মীদের পরিচয় যাতে স্পষ্ট ভাবে বোঝা যায়, তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

কলকাতা পুলিশের বিশেষ শাখা, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, স্পেশাল টাস্ক ফোর্স (STF), সাইবার ইউনিট এবং অন্যান্য বিশেষ বাহিনীর ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না বলেও জানানো হয়েছে।

নির্দেশিকায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক ডিকে বসু বনাম পশ্চিমবঙ্গ মামলার রায়ের উল্লেখ করা হয়েছে। ১৯৯৭ সালের সেই মামলায় গ্রেফতারি ও তল্লাশি অভিযানের সময় পুলিশের আচরণবিধি নিয়ে একাধিক নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। কলকাতা পুলিশের নতুন নির্দেশিকায় সেই নিয়ম মেনে চলার উপরও জোর দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment