কলকাতা, ২৫ মে — তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন বাসভবনে রবিবার দুপুরে কলকাতা পুলিশের উপস্থিতি ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে। কয়েক জন পুলিশকর্মী, যাঁদের মধ্যে কেউ সাধারণ পোশাকে এবং কেউ সাদা উর্দিতে ছিলেন, বাড়ির ভিতরে প্রবেশ করেন। কিছু ক্ষণ পর তাঁরা একটি মনিটর নিয়ে বেরিয়ে আসেন এবং সেটি কলকাতা পুলিশের লেখা একটি সাদা গাড়িতে তুলে নিয়ে যান।
মনিটরটি কেন নিয়ে যাওয়া হল বা কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি। লালবাজার সূত্রেও এ নিয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি। এক পুলিশ আধিকারিক জানান, বিষয়টি সম্পর্কে তাঁর কাছে নির্দিষ্ট তথ্য নেই।
ঘটনার কিছু পরেই অভিষেকের শান্তিনিকেতন বাড়ির গ্যারেজ থেকে একটি গাড়ি বেরিয়ে যেতে দেখা যায়। জানা গিয়েছে, গাড়িটি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার নামে নথিভুক্ত। শান্তিনিকেতনের ওই বাড়িটিও একই সংস্থার নামে পুরসভায় নথিভুক্ত রয়েছে।
উল্লেখযোগ্য ভাবে, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দু’দিন পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বলয়ে একাধিক পরিবর্তন আনা হয়েছিল। তাঁর বাড়ির সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা এবং গার্ডরেল সরিয়ে নেওয়া হয়। এমনকি বাড়ির ভিতরে থাকা উচ্চক্ষমতাসম্পন্ন স্ক্যানারও সরিয়ে ফেলা হয়েছিল, যা সাধারণত বিমানবন্দর, রেলস্টেশন বা বড় সরকারি দফতরে ব্যবহৃত হয়।
ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরের সামনেও অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তাঁর ‘জেড প্লাস’ নিরাপত্তা ব্যবস্থাও বাতিল করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে তাঁর জন্য বরাদ্দ বিশেষ পাইলট কার এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সুবিধাও আর বহাল নেই।
রবিবারের এই পুলিশি তৎপরতার সঙ্গে নিরাপত্তা প্রত্যাহারের কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে।
