May 21, 2026
রাজ্য

ফলতায় উৎসবের মেজাজে পুনর্নির্বাচন, ভয়মুক্ত ভোটে ফিরল গণতন্ত্রের স্বাদ দাবি ভোটারদের

কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বুধবার সকাল থেকেই ছিল উৎসবের আবহ। কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ঘিরে বুথে বুথে দেখা যায় দীর্ঘ লাইন। বহু ভোটারের দাবি, দীর্ঘদিন পর তাঁরা ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারলেন।

খান্দালিয়া হাইস্কুলের ২৫২ নম্বর বুথে সকাল থেকেই উৎসাহী ভোটারদের ভিড় চোখে পড়ে। ভোট দিয়ে বেরিয়ে বহু মানুষ জানান, গত এক দশকেরও বেশি সময় ধরে এলাকায় আতঙ্ক এবং চাপের পরিবেশ ছিল। সেই কারণে স্বাধীনভাবে ভোট দিতে পারতেন না সাধারণ মানুষ।

এক স্থানীয় ভোটারের কথায়, ‘এবার কোনও ভয় ছাড়া নিজের ভোট নিজে দিতে পেরেছি। মনে হচ্ছে সত্যিই গণতন্ত্র ফিরে এসেছে।’

ভোটের দিন এলাকায় দেখা মেলেনি স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গির খানের। ‘পুষ্পা’ নামে পরিচিত ওই নেতার বাড়ি এবং স্থানীয় দলীয় কার্যালয় দুটিই বন্ধ অবস্থায় দেখা যায়। বাইরে থেকে একাধিকবার ডাকাডাকি করা হলেও ভিতর থেকে কোনও সাড়া মেলেনি।

এলাকার একাংশের অভিযোগ, আগের নির্বাচনে জাহাঙ্গির খানের অনুগামীরা ভোটারদের বুথে যেতে বাধা দিত। অনেকের দাবি, আঙুলে কালি লাগানোর পরও ভোট দিতে না দিয়েই বুথ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

এবার কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলেই দাবি স্থানীয়দের। ভোটের পরিবেশ ঘিরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Related posts

Leave a Comment