32 C
Kolkata
May 20, 2026
রাজ্য

ভোট পরবর্তী হিংসা মামলায় পুলিশের জালে বারাসাতের কাউন্সিলর অরুণ ভৌমিক

বারাসাত — রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে ফের পুলিশের জালে তৃণমূলের এক প্রভাবশালী নেতা। বুধবার সন্ধ্যায় বারাসাতের কাউন্সিলর অরুণ ভৌমিককে আটক করল পুলিশ। বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী তাঁর বাড়িতে পৌঁছে তাঁকে আটক করে নিয়ে যায় বলে স্থানীয় সূত্রে খবর।

যদিও এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফে আনুষ্ঠানিক ভাবে গ্রেফতারের কথা ঘোষণা করা হয়নি, তবে তাঁকে আটক করা হয়েছে বলে বারাসাত থানার পক্ষ থেকে স্বীকার করা হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসার অভিযোগে যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছিল, পালাবদলের পর তাঁদের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করছে পুলিশ। সেই তালিকাতেই নতুন সংযোজন অরুণ ভৌমিক।

স্থানীয় রাজনৈতিক মহলে অরুণকে বারাসাতের অত্যন্ত প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবেই পরিচিত। দীর্ঘদিন ধরেই এলাকায় তাঁর সাংগঠনিক দাপট ছিল বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি।

পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে আগের একাধিক অভিযোগ এবং ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলার তদন্তের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। যদিও তদন্তের স্বার্থে পুলিশ এখনও বিস্তারিত কিছু জানাতে চায়নি।

এই ঘটনায় বারাসাতে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির দাবি, ভোট পরবর্তী সন্ত্রাসে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে তৃণমূলের একাংশের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই বিরোধী নেতাদের টার্গেট করা হচ্ছে।বর্তমানে অরুণ ভৌমিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। তাঁকে আনুষ্ঠানিক ভাবে গ্রেফতার করা হবে কি না, সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।

Related posts

Leave a Comment