May 9, 2026
রাজ্য

মতুয়াগড় থেকে মন্ত্রিসভায়, অশোক কীর্তনিয়াকে বড় দায়িত্ব বিজেপির

কলকাতা — বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়াকে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভায় জায়গা দিল বিজেপি। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথের পর রাজ্যের নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। মতুয়া সমাজের মধ্যে দীর্ঘদিনের জনপ্রিয় মুখ অশোককে মন্ত্রী করাকে রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

২০২১ সালের মতো ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও বনগাঁ উত্তরে জয় পেয়েছেন অশোক কীর্তনিয়া। এবারও তিনি মতুয়া অধ্যুষিত এলাকায় বিজেপির সংগঠনকে শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মতুয়া ভোটব্যাঙ্ককে আরও মজবুত করতেই তাঁকে মন্ত্রিসভায় আনা হয়েছে।

নির্বাচনের সময় তাঁর নাগরিকত্ব ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছিল। এসআইআর প্রসঙ্গ ঘিরে রাজনৈতিক চাপানউতোরও হয়েছিল বিস্তর। তবে সেই বিতর্ক ভোটের ফলাফলে কোনও প্রভাব ফেলতে পারেনি বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

এবার বনগাঁ উত্তরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন বিশ্বজিৎ দাস এবং সিপিএমের প্রার্থী ছিলেন পীযূষকান্তি সাহা। অশোক কীর্তনিয়া পেয়েছেন ১ লক্ষ ১৯ হাজার ৩১৭ ভোট। তাঁর ভোট শতাংশ ৫৬.৪৬। অন্যদিকে বিশ্বজিৎ দাস পেয়েছেন ৭৮ হাজার ৬৪৭ ভোট। সিপিএম প্রার্থী পান মাত্র ৮ হাজার ৫৫৪ ভোট।

প্রচারের সময় একাধিকবার উত্তেজনার ঘটনাও সামনে এসেছিল। বিজেপির অভিযোগ ছিল, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের কর্মসূচিতে হামলা চালিয়েছে। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছিল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের পর অশোক কীর্তনিয়াকে মন্ত্রী করা মতুয়া সমাজের প্রতি বিজেপির বিশেষ রাজনৈতিক বার্তা। আগামী দিনে সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনা জেলার রাজনীতিতে তাঁর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেও মনে করা হচ্ছে।

শনিবার শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও পাঁচ জন মন্ত্রী শপথ নেন। তবে কার হাতে কোন দপ্তর যাবে, তা এখনও ঘোষণা হয়নি।

Related posts

Leave a Comment