28 C
Kolkata
May 9, 2026
রাজ্য

বাংলায় নতুন সূর্যোদয়, শুভেন্দুর শপথ ঘিরে বিজেপির উচ্ছ্বাস

পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছে গেরুয়া শিবির। বিজেপি নেতৃত্বের দাবি, এই রাজনৈতিক পরিবর্তন বাংলার উন্নয়ন ও নতুন আশার সূচনা করবে। শনিবার শুভেন্দু অধিকারীর শপথের আগে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

তিনি বলেন, বাংলা বরাবরই সনাতন সংস্কৃতির অন্যতম কেন্দ্র ছিল। কিন্তু গত কয়েক বছরে রাজ্যের শাসকদল চরমপন্থা, হিংসা ও অরাজকতার রাজনীতি করেছে বলে অভিযোগ করেন তিনি। গিরিরাজ সিংয়ের দাবি, সাধারণ মানুষ সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই বিজেপির উপর ভরসা রেখেছেন।

অন্যদিকে, বিজেপির মুখপাত্র প্রতুল শাহ দেও বলেন, পশ্চিমবঙ্গে আজ এক নতুন সূর্যোদয় ঘটেছে। তাঁর কথায়, ‘এটি আশার সূর্যোদয়, উন্নয়নের সূর্যোদয় এবং সাধারণ মানুষের সরকারের সূচনা।’

শুভেন্দু অধিকারীর শপথের আগে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাম কৃপাল যাদবও। তিনি বলেন, শুভেন্দুর নেতৃত্বেই বাংলায় ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে। বহু বছর উন্নয়ন থেকে বঞ্চিত থাকা বাংলা এবার নতুন দিশা পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, শুভেন্দু অধিকারীর উত্থান গত কয়েক বছরে বাংলার রাজনীতিতে বড় পরিবর্তন এনে দিয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে অল্প ব্যবধানে হারিয়ে তিনি জাতীয় রাজনীতিতেও আলোচনার কেন্দ্রে উঠে আসেন। পরে ২০২৬ সালের নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকেও বড় জয় পান তিনি।

বিশ্লেষকদের মতে, এই ফলাফল শুধু তৃণমূল কংগ্রেসের জন্য বড় ধাক্কাই নয়, বাংলায় বিজেপির প্রধান মুখ হিসেবে শুভেন্দু অধিকারীর অবস্থানও আরও শক্ত করেছে।আজকের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন।

Related posts

Leave a Comment