পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভোটে হারের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন ‘অপ্রাসঙ্গিক’ হয়ে পড়েছেন বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বর্তমান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গুরুত্ব অনেকটাই কমে গিয়েছে। তাঁর কথায়, সংবিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব রাজ্যপাল ও রাজভবনের। এ নিয়ে আর বেশি মন্তব্য করতে চাননি তিনি।
এদিন স্ট্র্যান্ড রোডে অবস্থিত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান শুভেন্দু। তিনি বলেন, দুই দফায় ভোটগ্রহণ এবং নির্বিঘ্ন গণনা প্রক্রিয়া—সব মিলিয়ে নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে হয়েছে।
দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক এন কে মিশ্রর সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করেন বিজেপি নেতা।
ভোট-পরবর্তী হিংসা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, কোনওভাবেই হিংসা বরদাস্ত করা হবে না। তিনি বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের তুলনায় এবার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও, সামান্য ঘটনাও মেনে নেওয়া হবে না।
তাঁর কথায়, কোনও রাজনৈতিক দলের কার্যালয় বা কর্মীদের উপর আক্রমণ করা উচিত নয়। যারা এই ধরনের ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বিজেপির কেউ জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
এছাড়াও, নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্রের ভোট প্রসঙ্গে তিনি দাবি করেন, আগে অনেক ভোটার স্বাধীনভাবে ভোট দিতে পারেননি। এবার সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং বহু মানুষ নির্ভয়ে ভোট দিয়েছেন।
এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে শুভেন্দু বলেন, অসামাজিক কিছু মানুষ এখনও সক্রিয় রয়েছে। তবে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।
