পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনাকে ঘিরে নিরাপত্তা ও স্বচ্ছতা জোরদার করতে বড় পদক্ষেপ নিল Election Commission of India। রাজ্যজুড়ে অতিরিক্ত ১৬৫ জন কাউন্টিং অবজারভার এবং ৭৭ জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদক্ষেপের মূল লক্ষ্য গণনা কেন্দ্রগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সম্পূর্ণ প্রক্রিয়াকে নিরাপদ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ রাখা। সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের অধীনে এই নিয়োগ করা হয়েছে।
যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা হল রয়েছে, সেখানে অতিরিক্ত অবজারভার রাখা হয়েছে যাতে গণনা প্রক্রিয়ায় কোনও ত্রুটি না থাকে। অন্যদিকে পুলিশ অবজারভাররা গণনা কেন্দ্রের বাইরের নিরাপত্তা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তবে কমিশন স্পষ্ট জানিয়েছে, কোনও পরিস্থিতিতেই পুলিশ অবজারভারদের গণনা হলের ভিতরে প্রবেশের অনুমতি থাকবে না।
একইসঙ্গে কিউআর কোড-ভিত্তিক পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে এবং গণনা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলাফল নির্ধারিত ফর্মে তৈরি করে গণনা এজেন্টদের স্বাক্ষরের মাধ্যমে তা নিশ্চিত করা হবে, যাতে স্বচ্ছতা বজায় থাকে।
২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণের পর আগামী ৪ মে রাজ্যের ভোটগণনা অনুষ্ঠিত হবে।
