দিল্লি, ১ মে: মে মাসের শুরুতেই বড় ধাক্কা খেল বাণিজ্যিক গ্যাস ব্যবহারকারীরা। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ৯৯৩ টাকা বৃদ্ধি পেয়েছে। নতুন দামে দিল্লিতে এই সিলিন্ডারের মূল্য দাঁড়াল ৩,০৭১ টাকা ৫০ পয়সা।
গত কয়েক মাসে এই নিয়ে তৃতীয়বার বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল। ফেব্রুয়ারির শেষ দিকে আন্তর্জাতিক পরিস্থিতি জটিল হওয়ার পর থেকেই ধাপে ধাপে দাম বাড়তে শুরু করে। মার্চ মাসের শুরুতে প্রথমে প্রায় ১১৫ টাকা এবং এপ্রিলের শুরুতে আরও প্রায় ২০০ টাকা বাড়ানো হয়েছিল। এবার সেই বৃদ্ধির অঙ্ক সব রেকর্ড ছাড়িয়ে গেল।
তবে সাধারণ গৃহস্থালি ব্যবহারকারীদের জন্য আপাতত স্বস্তির খবর। প্রায় ৩৩ কোটি ঘরোয়া গ্রাহকের জন্য ব্যবহৃত গ্যাসের দামে কোনও পরিবর্তন করা হয়নি বলে জানানো হয়েছে তেল সংস্থার তরফে।
তেল সংস্থার তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও সাধারণ মানুষের উপর চাপ কম রাখতে পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। একইভাবে বিমান চলাচলের জ্বালানির দামও স্থির রাখা হয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, দেশের বাজারে জ্বালানি পর্যাপ্ত রাখতে রপ্তানির উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে দেশের ভিতরে জ্বালানির জোগান বজায় রাখা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার প্রভাবেই এই মূল্যবৃদ্ধি। এই অবস্থায় তেল সংস্থাগুলি নিজেদের ক্ষতি সামলাতে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়িয়েছে।
এই মূল্যবৃদ্ধির ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন হোটেল, রেস্তরাঁ এবং ছোট ব্যবসায়ীরা। তাদের খরচ বাড়লে খাবারের দামও বাড়তে পারে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর।
