দিল্লি — ভারত ও দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বিস্তৃত আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। দুই দেশ মিলে প্রযুক্তি, বাণিজ্য ও কৌশলগত সহযোগিতার উপর জোর দিয়ে ‘ভবিষ্যত অংশীদারিত্ব’-এর লক্ষ্যে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে।
যৌথ সাংবাদিক বৈঠকে মোদী জানান, দীর্ঘ আট বছর পর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, বাজার অর্থনীতি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা— এই বিষয়গুলি দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করেছে।
দুই দেশের মধ্যে প্রযুক্তি ও বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্ধপরিবাহী শিল্প এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে যৌথ উদ্যোগের জন্য ‘ভারত-কোরিয়া ডিজিটাল সেতু’ চালু করা হয়েছে।
বর্তমানে দুই দেশের বাণিজ্যের পরিমাণ প্রায় ২৫.৭ বিলিয়ন ডলার। সেটিকে ২০৩০ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এর জন্য বিদ্যমান অর্থনৈতিক চুক্তিকে আরও উন্নত করার কথাও জানানো হয়েছে।
এই বৈঠকে জাহাজ নির্মাণ, উদীয়মান প্রযুক্তি এবং মানুষে-মানুষে যোগাযোগ বৃদ্ধির জন্য একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কের কথাও উল্লেখ করেন মোদী। তিনি বলেন, অযোধ্যার রাজকুমারী সুরিরত্না এবং কোরিয়ার রাজা কিম সুরোর কাহিনি দুই দেশের ঐতিহ্যকে যুক্ত করেছে।
বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষিতে এই সম্পর্কের গুরুত্ব আরও বেড়েছে বলেও মত তাঁর। শান্তি ও স্থিতিশীলতার বার্তা দিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, প্রেসিডেন্ট লি জে মিয়ং ১৯ থেকে ২১ এপ্রিল পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন।
