তমলুক — শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রায় দিয়ে জাতীয় স্তরে আলোচনায় উঠে আসা প্রাক্তন বিচারপতি তথা বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়-কে বিধানসভা নির্বাচনের প্রচারে দেখা যাচ্ছে না। তমলুক সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বিজেপির প্রচার কর্মসূচিতে তাঁর অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দেন অভিজিৎ। বিজেপির টিকিটে তমলুক কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়ী হন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নির্দেশেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হন, যা তাঁকে বিশেষ পরিচিতি এনে দেয়।
লোকসভা নির্বাচনের সময় তাঁর সভায় বিপুল ভিড় দেখা গিয়েছিল। বিশেষ করে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মধ্যে তাঁর জনপ্রিয়তা নজর কাড়ে। নির্বাচনে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে জয়ী হন।
তবে বর্তমান বিধানসভা নির্বাচনের প্রচারে তাঁর অনুপস্থিতি প্রশ্ন তুলছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, তমলুকের প্রচার কর্মসূচিতে তাঁকে কোথাও রাখা হয়নি। এর নেপথ্যে তাঁর সাম্প্রতিক কিছু মন্তব্য কারণ হতে পারে বলেই মনে করা হচ্ছে। কয়েক মাস আগে কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্য রাজনীতি নিয়ে তাঁর কিছু বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল।
বিজেপির তমলুক সাংগঠনিক জেলার এক নেতা জানান, প্রচারে কে থাকবেন তা রাজ্য নেতৃত্বই ঠিক করে। অন্যদিকে, তৃণমূল এই বিষয়কে হাতিয়ার করে কটাক্ষ শুরু করেছে। দলের স্থানীয় নেতৃত্বের দাবি, বিজেপিতে যোগ দিয়ে তিনি নিজের সিদ্ধান্ত নিয়ে এখন অনুশোচনা করছেন।
স্থানীয় বাসিন্দাদের একাংশও এই অনুপস্থিতি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তাঁদের মতে, এত বড় নির্বাচনী প্রক্রিয়ায় এলাকার সাংসদকে দেখা না যাওয়াটা অস্বাভাবিক।
