April 4, 2026
টিভি-ও-সিনেমা

বিশ্বসঙ্গীতে নতুন দিশা, ‘নবগ্রহ সিম্ফনি’ নিয়ে মঞ্চ কাঁপালেন এল সুব্রহ্মণ্যম

দিল্লি — ভারতীয় ও বিশ্বসঙ্গীতে নিজের স্বতন্ত্র ছাপ রেখে চলেছেন খ্যাতনামা বেহালাবাদক ও সুরকার এল সুব্রহ্মণ্যম। তাঁর উদ্যোগে আয়োজিত দীর্ঘদিনের আন্তর্জাতিক সঙ্গীত উৎসব লক্ষ্মীনারায়ণ গ্লোবাল মিউজিক ফেস্টিভ্যাল এবার ৩৫তম বর্ষে পা দিল।

দেশের একাধিক শহরে আয়োজিত এই উৎসব ইতিমধ্যেই সঙ্গীতপ্রেমীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে। দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, চেন্নাই ও বেঙ্গালুরু— এই পাঁচ শহরে উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। এবারের আসরের বিশেষ আকর্ষণ কাজাখস্তানের শিল্পীদের অংশগ্রহণ, যাঁদের অনেকেই প্রথমবার ভারতে মঞ্চে উঠলেন।

এই বছরের সবচেয়ে বড় আকর্ষণ ‘নবগ্রহ সিম্ফনি’। এই নতুন সৃষ্টির মাধ্যমে ভারতীয় জ্যোতিষ ও সংস্কৃতির ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী। তাঁর কথায়, জন্মের সময় গ্রহ-নক্ষত্রের অবস্থান মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে— এই বিশ্বাস থেকেই এই সৃষ্টির অনুপ্রেরণা।

সঙ্গীতানুষ্ঠানের শেষ পর্বে ‘বন্দে মাতরম’-এর এক বিশেষ পরিবেশনা দর্শকদের আবেগাপ্লুত করে তোলে। গানটির ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই পরিবেশনাকে বিশেষভাবে সাজানো হয়।

শৈশব থেকেই সঙ্গীতের সঙ্গে গভীর সম্পর্ক তাঁর। বাবার কাছেই বেহালার পাঠ শুরু। পরবর্তীতে পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতেও উচ্চশিক্ষা অর্জন করেন। এমনকি চিকিৎসাবিদ্যাতেও পড়াশোনা করেছেন তিনি।

শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁর সুরের আবেদন ছড়িয়ে পড়েছে। বহু আন্তর্জাতিক শিল্পীর সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁর মতে, ভারতীয় বেহালাকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করাই তাঁর অন্যতম লক্ষ্য।

এই উৎসবের মাধ্যমে সেই স্বপ্নই আরও একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। নতুন প্রজন্মের শিল্পীদের জন্যও এটি এক বড় মঞ্চ তৈরি করছে।

Related posts

Leave a Comment