29 C
Kolkata
April 4, 2026
রাজ্য

‘তামিলনাড়ুতে ভোট পর্যবেক্ষক সুপ্রতিম সরকার, কমিশনের পদক্ষেপে ফের বিতর্ক—সরব তৃণমূল’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা — নির্বাচন ঘিরে কমিশনের একের পর এক সিদ্ধান্তে রাজনৈতিক উত্তাপ বাড়ছেই। এবার কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুর তিরুনেলভিলি জেলার ভোট পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল নির্বাচন কমিশন। এই সিদ্ধান্ত ঘিরেও নতুন করে প্রশ্ন তুলছে তৃণমূল।

কমিশন সূত্রে জানা গিয়েছে, এর আগে এই পদে নিয়োগ করা হয়েছিল প্রাক্তন পুলিশ আধিকারিক ইন্দিরা মুখোপাধ্যায়কে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব নিতে অপারগতার কথা জানান। সেই কারণেই তাঁর জায়গায় সুপ্রতিম সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবারই কমিশনের তরফে নির্দেশপত্র পাঠানো হয়েছে এবং যত দ্রুত সম্ভব তাঁকে তামিলনাড়ুতে যোগ দিতে বলা হয়েছে।

এদিকে, রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই একাধিক প্রশাসনিক বদল নিয়ে সরব হয়েছে তৃণমূল। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে বিভিন্ন পুলিশ আধিকারিকদের বদল নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের অভিযোগ, কমিশনের এই একতরফা সিদ্ধান্তগুলি প্রশাসনিক স্বাভাবিকতা নষ্ট করছে এবং নির্বাচনের আগে অযথা চাপ তৈরি করছে। যদিও কমিশন তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে।

শুধু তাই নয়, সম্প্রতি একাধিক থানার ওসি এবং বিভিন্ন বিডিও-সহ মোট ২৬৭ জন আধিকারিককে বদল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টেও মামলা দায়ের হয়েছে।

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলে আদালত মামলা দায়েরের অনুমতি দেয়। ফলে কমিশনের এই পদক্ষেপ ঘিরে আইনি লড়াইও শুরু হয়েছে।

Related posts

Leave a Comment