বৈঠক ডাকল নির্বাচন কমিশন
দিল্লি: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট রবিবার ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (Election Commission of India)। বিকেল চারটেয় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে কমিশন। সেখানেই ভোটের দিনক্ষণ প্রকাশ করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
এই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)-এর নেতৃত্বাধীন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম (Assam), তামিলনাড়ু (Tamil Nadu), কেরল (Kerala) এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি (Puducherry)-র বিধানসভা নির্বাচনের সূচিও একই সঙ্গে ঘোষণা করা হতে পারে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে, এ বার পশ্চিমবঙ্গে ভোটের দফা আগের তুলনায় কম হতে পারে। গত কয়েকটি নির্বাচনে রাজ্যে ছয় থেকে সাত দফায় ভোটগ্রহণ হয়েছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। তবে এবার দুই বা তিন দফাতেই ভোটপর্ব শেষ করার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে।
প্রথম দফার ভোট বাংলা নববর্ষের পরে অর্থাৎ পনেরো এপ্রিলের পর হতে পারে বলে জানা গিয়েছে। যদিও দফা কমানো হলেও নিরাপত্তা ব্যবস্থায় কোনওরকম আপস করতে রাজি নয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে অতীতে রাজনৈতিক সংঘর্ষের ইতিহাস মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে।
একই সঙ্গে ভোট পর্যবেক্ষকের সংখ্যাও বাড়ানো হতে পারে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করাই তাদের প্রধান লক্ষ্য।
কিছু দিন আগে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ কলকাতা সফরে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছিল। সেই বৈঠকে প্রায় সব দলই কম দফায় ভোটের দাবি জানিয়েছিল বলে সূত্রের খবর।
অন্যদিকে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। কয়েক লক্ষ নাম এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তথ্যগত অসঙ্গতির বিষয়গুলি খতিয়ে দেখছেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা। গত ২৮ ফেব্রুয়ারি সংশোধন প্রক্রিয়ার ভিত্তিতে একটি অসম্পূর্ণ ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে।
