27 C
Kolkata
September 12, 2026
দেশ

গ্যাস বুকিংয়ে সমস্যা, ডিস্ট্রিবিউশন সেন্টারে ভিড়! সঙ্কটে হোটেল-স্কুলের মিড ডে মিল নিয়েও আশঙ্কা

রান্নার গ্যাস ও বাণিজ্যিক এলপিজি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে গ্রাহকদের মধ্যে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠছে, ফোনে গ্যাস বুকিং করা যাচ্ছে না। ফলে সিলিন্ডার বুক করতে না পেরে বহু মানুষ সরাসরি গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টারে গিয়ে ভিড় জমাচ্ছেন।

অনেক গ্রাহকের আবার ই-কেওয়াইসি সম্পূর্ণ হয়নি। তারাও গ্যাস পাওয়ার আশায় ডিস্ট্রিবিউশন সেন্টারের সামনে লাইনে দাঁড়াচ্ছেন। এর ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় দীর্ঘ লাইন ও ভিড়ের পরিস্থিতি তৈরি হয়েছে।

গ্যাসের জোগান ব্যাহত হওয়ায় ছোট হোটেল ও রাস্তার ধারের খাবারের দোকানগুলিতে আবার কাঠ ও কয়লার উনুনে রান্না শুরু হয়েছে। অনেক হোম সার্ভিস ব্যবসায়ীও একই পথে হাঁটছেন বলে জানা গেছে।

এরই মধ্যে তমলুকের বর্গভীমা মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসের সঙ্কটের কারণে আপাতত ভক্তদের জন্য প্রসাদ বিতরণ বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে ২১ মার্চের পর থেকে ভোগ বিতরণ সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এই পরিস্থিতিতে স্কুলগুলিতে মিড ডে মিল পরিষেবা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোথাও দুপুরের খাবার বন্ধ হওয়ার খবর নেই। তবে গ্যাস সরবরাহে টান পড়লে ভবিষ্যতে সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন অনেকে।

গ্যাসের বিকল্প হিসেবে অনেকেই ইনডাকশন চুলা কিনতে শুরু করেছেন। হুগলির ব্যান্ডেল এলাকার এক দোকানদার জানিয়েছেন, আগে দিনে তিন-চারটি ইনডাকশন বিক্রি হত, এখন তা বেড়ে দিনে ৭০-৮০টি পর্যন্ত পৌঁছেছে।

শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের বিভিন্ন রাজ্যেও একই সমস্যা দেখা দিয়েছে। অনেক গ্রাহক অভিযোগ করছেন, গ্যাস বুকিং করার ৮ থেকে ১০ দিন পরেও সিলিন্ডার পাচ্ছেন না।

এদিকে গ্যাস সঙ্কটের প্রভাব পড়েছে হোটেল শিল্পেও। মুম্বইয়ে প্রায় ২০ শতাংশ হোটেল ও রেস্তরাঁ সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় হোটেল সংগঠন। বেঙ্গালুরু ও চেন্নাইয়ের মতো শহরেও পরিষেবায় প্রভাব পড়েছে।
অন্যদিকে কলকাতায় অটোর এলপিজি-র দাম লিটার প্রতি ৫ টাকা বেড়েছে। ফলে একাধিক রুটে অটোর ভাড়া বাড়ানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে তেল ও গ্যাস সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহণ হয়। সেই পথ বাধাপ্রাপ্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে চাপ তৈরি হয়েছে।

তবে সরকারি সূত্রের দাবি, দেশে পর্যাপ্ত তেল ও গ্যাস মজুত রয়েছে। একই সঙ্গে ‘প্যানিক বুকিং’ ঠেকাতে কেন্দ্র জানিয়েছে, ২৫ দিনের কম ব্যবধানে গৃহস্থরা নতুন গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন না।

Related posts

Leave a Comment