কলকাতা — রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেওয়ার পর পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে আবেগঘন মুক্তচিঠি লিখলেন বাংলার সদ্য প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। চিঠিতে বাংলার প্রতি তাঁর গভীর টান এবং মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসার কথা তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে বাংলার ভবিষ্যৎ উন্নতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনাও করেছেন।
চিঠির শুরুতেই পশ্চিমবঙ্গের মানুষকে ‘ভাই ও বোন’ বলে সম্বোধন করেন তিনি। গত কয়েক বছরে বাংলার মানুষের কাছ থেকে যে সমর্থন, স্নেহ এবং সম্মান পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানান প্রাক্তন রাজ্যপাল। তিনি লেখেন, ‘আপনারা যে সমর্থন, স্নেহ ও সম্মান আমাকে দিয়েছেন, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।’
চিঠিতে সিভি আনন্দ বোস উল্লেখ করেন, পশ্চিমবঙ্গ তাঁর কাছে শুধুমাত্র দায়িত্ব পালনের জায়গা ছিল না, বরং তা তাঁর দ্বিতীয় ঘর হয়ে উঠেছিল। তাঁর কথায়, ‘পশ্চিমবঙ্গ আমার দ্বিতীয় ঘর। এর সঙ্গে আমি অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকব এবং থাকতেই চাই।’
বাংলা নিয়ে মহাত্মা গান্ধীর একটি মন্তব্যও তুলে ধরেছেন তিনি। প্রাক্তন রাজ্যপাল লেখেন, ‘অনেক দশক আগে মহাত্মা গান্ধী বলেছিলেন—আমি বাংলা ছেড়ে যেতে পারছি না, আর বাংলা আমাকে ছেড়ে যেতে দেবে না। আজ আমি সেই একই অনুভূতি ভাগ করে নিচ্ছি।’
রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করার সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে দেখার অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তিনি। তাঁর কথায়, এই সময় তিনি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পেয়েছেন। গ্রামাঞ্চলের মানুষের সঙ্গে বসে খাবার খাওয়া থেকে শুরু করে তরুণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা—সব অভিজ্ঞতাই তাঁর মনে গভীর ছাপ ফেলেছে।
চিঠিতে তিনি আরও লিখেছেন, বাংলার মাটিতে যুগে যুগে বহু মনীষীর জন্ম হয়েছে, যাঁরা গোটা দেশকে পথ দেখিয়েছেন। সেই ঐতিহ্য ভবিষ্যতেও বজায় থাকবে বলে তাঁর বিশ্বাস। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী দিনে পশ্চিমবঙ্গ আরও উন্নতি করবে এবং নতুন উচ্চতায় পৌঁছবে।
চিঠির শেষে তিনি পশ্চিমবঙ্গবাসীর শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের কামনা করেছেন। একই সঙ্গে দেবী দুর্গার কাছে প্রার্থনা জানিয়ে লিখেছেন, ‘মা দুর্গা আমার প্রিয় মানুষের সকলকে রক্ষা করুন।’
