সদ্য প্রকাশিত হয়েছে ইউপিএসসি ২০২৫ পরীক্ষার ফলাফল। তাতে দেখা যাচ্ছে, মেধাতালিকায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন বাংলার একঝাঁক ছাত্রছাত্রী। বিশেষ করে ভাবী আমলা ও পুলিশ আধিকারিকদের তালিকায় বাংলার প্রার্থীদের মধ্যে প্রায় ৫০ শতাংশই মহিলা। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে তাঁদের এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Mamata Banerjee।
শনিবার সামাজিক মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, রাজ্য সরকারের উদ্যোগে দেওয়া প্রশিক্ষণের ফলেই সর্বভারতীয় এই কঠিন পরীক্ষায় বাংলার মেধাবী পড়ুয়ারা এত ভালো ফল করতে পেরেছেন।
প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, মেধাতালিকায় ৪০ থেকে ৯০০-র মধ্যে বিভিন্ন র্যাঙ্কে বাংলার বহু পরীক্ষার্থীর নাম রয়েছে। এর মধ্যে ৪০তম র্যাঙ্ক করে নজর কেড়েছেন বাংলার দিশা রাই।
এছাড়াও ২০০ থেকে ৫০০-র মধ্যে ছয়জন পরীক্ষার্থী জায়গা পেয়েছেন, যাঁরা সকলেই পুরুষ। অন্যদিকে ৬০০ থেকে ৯০০-র মধ্যে চারজন মহিলা পরীক্ষার্থীর নাম রয়েছে। তাঁদের মধ্যে মহসিনা বানু ৬৪৮, জুহি দাস ৬৪৯, কীর্তি চৌধুরী ৭৬০ এবং অ্যানিয়েলা শেরপার র্যাঙ্ক ৮৯৩।
এই ফলাফল নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলেও শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, এই সফল পরীক্ষার্থীরাই ভবিষ্যতের আইএএস ও আইপিএস অফিসার হিসেবে দেশের প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।
এতদিন সর্বভারতীয় পরীক্ষাগুলিতে বাংলার ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ও সাফল্যের হার তুলনামূলক কম ছিল। তা নিয়ে নানা সময় সমালোচনাও হয়েছে। তবে সেই পরিস্থিতি বদলাতে রাজ্য সরকার বেশ কিছু উদ্যোগ নেয়।
নিউটাউনে চালু করা হয়েছে সরকারি প্রশিক্ষণ কেন্দ্র Satyendranath Tagore Civil Services Study Centre, যেখানে কম খরচে ইউপিএসসি ও ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতির সুযোগ দেওয়া হয়। এখানে অভিজ্ঞ আইএএস ও আইপিএস আধিকারিকরাই পড়ুয়াদের প্রশিক্ষণ দেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইউপিএসসি ২০২৫-এর মেধাতালিকায় উপরের দিকে থাকা ১১ জন পরীক্ষার্থী এই প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রী। তাঁদের সাফল্যে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গ সরকার সব সময় তোমাদের পাশে রয়েছে।”
