27 C
Kolkata
March 22, 2026
খেলা

টি২০ বিশ্বকাপ: অসুস্থতার কারণে টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলছেন না জসপ্রীত বুমরাহ

MELBOURNE, VIC - OCTOBER 31: Jasprit Bumrah of India in action during the 2nd match of the BKT Tyres Men's T20I Series between Australia and India at Melbourne Cricket Ground on October 31, 2025 in Melbourne, Australia. (Photo by Santanu Banik/MB Media/Getty Images)

মুম্বই, ৭ ফেব্রুয়ারি: অসুস্থতার কারণে ভারতের ২০২৬ টি২০ বিশ্বকাপ অভিযানের সূচনা ম্যাচে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামতে পারছেন না তারকা পেসার জসপ্রীত বুমরাহ। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিবৃতিতে বলা হয়েছে, বুমরাহকে এই ম্যাচের জন্য নির্বাচনের ক্ষেত্রে অনুপলব্ধ হিসেবে বিবেচনা করা হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখছে বোর্ডের মেডিক্যাল টিম।


বিসিসিআই জানায়, “জসপ্রীত বুমরাহ অসুস্থতার কারণে ভারতের টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারেননি। বিসিসিআই মেডিক্যাল টিম তাঁর শারীরিক অবস্থার উপর নিয়মিত নজর রাখছে।” বুমরাহের অনুপস্থিতিতে ভারতের প্রথম একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে মহম্মদ সিরাজকে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নবি মুম্বইয়ে অনুষ্ঠিত ওয়ার্ম-আপ ম্যাচে হাঁটুর চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান হর্ষিত রানা। তাঁর পরিবর্ত হিসেবেই ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন সিরাজ।

মহম্মদ সিরাজ শেষবার ভারতের হয়ে টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালের জুলাই মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে পালোকেলে। বিসিসিআইয়ের আগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ এবং স্ক্যানের পর হর্ষিত রানাকে টুর্নামেন্টে খেলার অনুপযুক্ত বলে ঘোষণা করা হয়। সেইসঙ্গে বোর্ড তাঁর দ্রুত আরোগ্য কামনা করে।

এদিকে, ভারতের প্রথম ম্যাচে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসনের পরিবর্তে সুযোগ পেয়েছেন ঈশান কিষান। ফর্মে থাকা এই বাঁহাতি ব্যাটার ওপেন করবেন অভিষেক শর্মার সঙ্গে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে ওপেনার হিসেবে ৫৩ রান করেছিলেন ঈশান। পাশাপাশি, তিরুবনন্তপুরমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের শেষ টি২০ ম্যাচে এক নম্বর ডাউনে নেমে তিনি করেছিলেন দুরন্ত শতরান।

শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। ভারতের নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব।

ভারতের একাদশ: অভিষেক শর্মা, ঈশান কিষান (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, বরুণ চক্রবর্তী।

যুক্তরাষ্ট্রের একাদশ: সাইতেজা মুক্কামালা, আন্দ্রিস গাউস (উইকেটকিপার), মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), মিলিন্দ কুমার, সঞ্জয় কৃষ্ণমূর্তি, হারমিত সিং, শুভম রঞ্জনে, মহম্মদ মোহসিন, শ্যাডলি ভ্যান শালকউইক, সৌরভ নেত্রাভালকর, আলি খান।

Related posts

Leave a Comment