17 C
Kolkata
February 4, 2026
কলকাতা

কলকাতা পুলিশের আধিকারিকের বিরুদ্ধে গৃহপরিচারিকাকে শ্লীলতাহানির অভিযোগ

প্রতীকী চিত্র

কলকাতা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন এক গৃহপরিচারিকা। শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগ নিয়ে ওই আধিকারিক তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।ভুক্তভোগী মহিলা ইমেলের মাধ্যমে কসবাথানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম প্রকাশ করা হয়নি।

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার এলাকার বাসিন্দা ওই মহিলা অভিযুক্ত আধিকারিকের কলকাতার বাড়িতে রাঁধুনির কাজ করতেন। অভিযোগে তিনি জানিয়েছেন, পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে থাকাকালীন অভিযুক্ত তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন।তিনি বাধা দিলে তাঁকে চুরির মিথ্যা অভিযোগে ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারিণী আরও জানিয়েছেন, একটি ফাঁকা কাগজে জোর করে কিছু লিখিয়ে নেওয়া হয় তাঁর কাছ থেকে।

ঘটনার পর থেকে তিনি লাগাতার হুমকি পাচ্ছেন বলেও অভিযোগ করেছেন ওই গৃহপরিচারিকা। এতে তিনি চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান এবং অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি করেছেন।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই মহিলা বলেন, তিনি ঘর মোছার সময় অভিযুক্ত তাঁর শ্লীলতাহানি করেন এবং প্রতিবাদ করায় প্রতিশোধ নেওয়ার হুমকি দেন। পরে তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয় এবং চুরি করবেন না বলে একটি লিখিত বিবৃতি আদায় করা হয়। পরদিন অভিযুক্ত আধিকারিকের পুত্রবধূ ফোন করে সোনার গয়না চুরির অভিযোগ তোলেন বলেও দাবি করেন তিনি।এই অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।অভিযুক্ত পুলিশ আধিকারিক এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি। কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, অভিযোগ পাওয়া গিয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment