27 C
Kolkata
February 4, 2026
কলকাতা

দক্ষিণ কলকাতায় জন্মদিনের পার্টিতে গণধর্ষণের অভিযোগ

প্রতীকী চিত্র

আবারও কলকাতায় উঠল গণধর্ষণের অভিযোগ। ঘটনাস্থল এ বার হরিদেবপুর থানা এলাকা। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও এফআইআরে নাম থাকা দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনার পর থেকেই তারা পলাতক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার এক তরুণী হরিদেবপুর থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয়েছে। এফআইআর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। অভিযোগকারিণীর দাবি, তিনি এক বন্ধুর সঙ্গে মালঞ্চ এলাকার একটি বাড়িতে যান। সেখানে আরেক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু বাড়িতে গিয়ে দেখেন, কেবল ওই দুই বন্ধু ছাড়া আর কেউ নেই। অভিযোগ, সেই বাড়িতেই তাঁকে জোর করে ধর্ষণ করে দুই অভিযুক্ত।

শনিবার সকালে ওই তরুণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। নির্যাতিতার দাবি, তাঁকে জোর করে ওই ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও প্রথমে তিনি পুলিশের কাছে বলেন, স্বেচ্ছায় গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, গত ২৫ জুন কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাসের ভেতরেও এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় গ্রেফতার হয়েছিল কলেজের দুই ছাত্র, এক প্রাক্তনী এবং পরবর্তীতে নিরাপত্তারক্ষীও। তদন্তকারীরা ইতিমধ্যেই সেই মামলার চার্জশিট জমা দিয়েছে, যাতে ধৃত চার জনের নাম রয়েছে। কসবায় সেই ঘটনার পর ফের হরিদেবপুরে গণধর্ষণের অভিযোগ সামনে এল।

Related posts

Leave a Comment