এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূলের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ফের শিরোনামে। ইডি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর আদালত তাঁকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এর মধ্যেই প্রকাশ্যে এসেছে একটি ভাইরাল ভিডিও, যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।ভিডিওতে দেখা যাচ্ছে, ঘরের ভেতরে সোফায় বসে আছেন জীবনকৃষ্ণ সাহা। অপরপ্রান্তে থাকা এক ব্যক্তি বারবার টাকা ফেরত চাইছেন। সেই কথোপকথনে শোনা যায়—
ব্যক্তি: “দাদা, আপনি বললেন ৪ লাখের মধ্যে ২ লাখ দেবেন। আমি অসুস্থ, অন্তত ২ লাখ ফেরত দিন।”
জীবনকৃষ্ণ: “কোথায় পাব? আমার ঘরে খুঁজে দেখে নাও।”
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকা তোলার অভিযোগে ইতিমধ্যেই নাম জড়িয়েছে সাহার। এবার ভিডিওটি প্রকাশ্যে আসায় বিরোধীরা আরও আক্রমণাত্মক হয়েছে।
বিজেপির আক্রমণ বনাম তৃণমূলের নীরবতা
বিজেপির দাবি, জীবনকৃষ্ণ বহুদিন ধরেই দালালি ও চাকরি বিক্রির সঙ্গে জড়িত। শুধু শিক্ষা ক্ষেত্রেই নয়, আরও বিভিন্ন ক্ষেত্রে একই কায়দায় টাকা তুলেছেন তিনি। অন্যদিকে, তৃণমূল স্পষ্ট জানিয়ে দিয়েছে—“দল এ বিষয়ে কোনও মন্তব্য করবে না।”
তদন্তকারীদের সঙ্গে টানাপোড়েন
গত সোমবার সকালে মুর্শিদাবাদের কান্দির আন্দি গ্রামে তাঁর বাড়ি ঘিরে অভিযান চালায় ইডি। অভিযোগ, তদন্তকারীদের দেখেই তিনি পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন এবং নিজের মোবাইল ফোন ঝোপে ফেলে দেন। এর আগেও, ২০২৩ সালে সিবিআই হানার সময় তিনি দুটি মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেও, তদন্তে বারবার অসহযোগিতার অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে।
