কলকাতা: একুশে জুলাইয়ের সভার অনুমতি মিলতেই নতুন পোস্টার প্রকাশ করল তৃণমূল। তবে সেই পোস্টারে দেখা গেল না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখেই প্রকাশিত হয়েছে সভার প্রচারপত্র। আর তা ঘিরেই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
কলকাতা হাই কোর্টের অনুমতির পর বিড়লা তারামণ্ডলের সামনে একুশে জুলাইয়ের সভার নতুন পোস্টার সমাজমাধ্যমে ভাগ করে নেন উত্তর কলকাতা জেলা সভাপতি কুণাল ঘোষ। পোস্টারে লেখা রয়েছে, ‘বিড়লা তারামণ্ডল চলুন’। সেখানে বক্তাদের তালিকাতেও নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম।
তবে তিন দিন আগে প্রকাশিত প্রথম পোস্টারে মমতার পাশেই ছিল অভিষেকের ছবি। সেই পোস্টারে শুধু ‘কলকাতা চলো’ লেখা ছিল, কারণ তখনও সভাস্থল চূড়ান্ত হয়নি। নতুন পোস্টার থেকে অভিষেকের ছবি বাদ পড়ায় নানা জল্পনা শুরু হলেও দলীয় সূত্রের দাবি, একুশে জুলাইয়ের মঞ্চে অভিষেক উপস্থিত থাকবেন।
উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালের একুশে জুলাইয়ের পোস্টারেও অভিষেকের ছবি ছিল না, যদিও তিনি সভামঞ্চে উপস্থিত ছিলেন। একইভাবে ২০২৩ সালের নেতাজি ইন্ডোরের কর্মসূচিতেও পোস্টারে তাঁর ছবি ছিল না।
এদিকে, বুধবারই সমাজমাধ্যমে লাইভে এসে অভিষেকের পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। দল ছেড়ে যাওয়া নেতাদের কটাক্ষ করে তিনি বলেন, অভিষেককে ইস্যু করে অনেকে ‘বাহানা’ তৈরি করছেন।
