28 C
Kolkata
September 18, 2026
দেশ

আজ দেশজুড়ে শুরু হয়েছে ৬ষ্ঠ ভোটগ্রহণ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কমিশনের আগাম সতর্কবার্তা

দিল্লি, ২৫ মে: আজ, শনিবার দেশজুড়ে শুরু হয়েছে ৬ষ্ঠ দফার ভোটগ্রহণ। অশান্তি এড়াতে নির্বাচন কমিশন জারি করেছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই দফায় দেশজুড়ে দেশের সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি আসনে ভোটগ্রহণ করা হচ্ছে। দেশের রাজধানী দিল্লি ও হরিয়ানার সবকটি আসন এবং পশ্চিমবঙ্গের ৮টি আসনে ভোটগ্রহণ চলছে। ভোটের দুয়ারে কড়া নাড়ছে ঘূর্ণিঝড় রেমাল। আগামীকাল বঙ্গোপসাগরের সমুদ্র উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। আজ দুপুর গড়িয়ে বিকেল হতেই তার আঁচ পড়তে পারে। সেজন্য ঝড়ের দাপটে বুথে বুথে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় নির্বাচন কমিশন আগাম সতর্ক বার্তা দিয়েছে। প্রতিটি বুথে মোমবাতি ও টর্চ লাইট বা এমার্জেন্সি লাইট রাখার নিদান দিয়েছে।

শুক্রবার এই ঘূর্ণিঝড়ের বিষয়ে কড়া সতর্কবার্তা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় ঝড়ের গতিবেগ থাকতে পারে ১০০ থেকে ১১০ কিমি। তাই এসবের জেরে ভোট চলাকালীন যদি কোনও বুথে লোডশেডিং হয় তাহলে সেটা চাপের ব্যাপার হবে। এটাই এখন বেশি করে ভাবাচ্ছে নির্বাচন কমিশনকে। কারণ, ষষ্ঠ দফায় যে লোকসভা কেন্দ্রগুলিতে ভোট রয়েছে তার অধিকাংশ বুথই গ্রামবাংলায় অবস্থিত। সুতরাং ঝড়বৃষ্টি হলে লোডশেডিংয়ের সম্ভাবনা থেকেই যাচ্ছে।

আজ ৬ষ্ঠ দফায় দেশজুড়ে সাধারণ মানুষের পাশাপাশি ভোট দিয়েছেন দেশের বিশিষ্ট জনেরা। আজ রাজধানী দিল্লিতে ভোট দিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দিল্লিতে সস্ত্রীক ভোট দিয়েছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার কপিল দেব। ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার ও কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক এবং বিজেপি-র বিদায়ী সাংসদ গৌতম গম্ভীরও সস্ত্রীক মতদান করেছেন। রাঁচিতে ভোট দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । দিল্লির একটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিয়েছেন কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। ভোট দিলেন বর্ষীয়ান আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ কপিল সিবল।

সপরিবারে ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । ওদিকে প্রিয়াঙ্কার দাদা ও মা অর্থাৎ রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী নিউ দিল্লির অন্য একটি ভোটগ্রহণ কেন্দ্রে একসঙ্গে ভোট দেন। ভোট দেওয়ার পর বুথের বাইরে এসে রাহুল গান্ধী তাঁর মায়ের সঙ্গে সেই মুহূর্তের ছবি মোবাইলের নিজস্বীতে ক্যামেরা বন্দি করেন।

এদিন দুপুর ১ টা পর্যন্ত গোটা দেশে মোট ৩৯.১৩ শতাংশ ভোট পড়েছে। যার মধ্যে- বিহারে(৮ টি আসন) ৩৬.৪৮ শতাংশ, হরিয়ানাতে(১০ টি আসন) ৩৬.৪৮ শতাংশ, জম্মু ও কাশ্মীরে (১ টি আসন) ৩৫.২২ শতাংশ, ঝাড়খণ্ডে(৪ টি আসন) ৪২.৫৪ শতাংশ, দিল্লিতে (সাতটি আসন) ৩৪.৩৭ শতাংশ, ওড়িশাতে(৬ টি আসন) ৩৫.৬৯ শতাংশ, উত্তরপ্রদেশে(১৪ টি আসন) ৩৭.২৩ শতাংশ। ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গের আটটি আসনেও ভোটগ্রহণ চলছে ।

এদিন দুপুর ১ টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ৫৪.৮০ শতাংশ ভোট পড়েছে। যার মধ্যে তমলুকে ৫৭.৬৪ শতাংশ, কাঁথিতে ৫১.৬৬ শতাংশ, ঘাটালে ৫৭.৩১ শতাংশ, ঝাড়গ্রামে ৫৬.৯৫ শতাংশ, মেদিনীপুরে ৫১.৫৭ শতাংশ, পুরুলিয়ায় ৫০.৩৪ শতাংশ, বাঁকুড়ায় ৫৪.২১ শতাংশ এবং বিষ্ণুপুরে ৫৮.৬৪ শতাংশ ভোট পড়েছে।  

Related posts

Leave a Comment