32 C
Kolkata
September 30, 2026
রাজ্য

রাতের অন্ধকারে বিকাশ ভবনে সিবিআই হানা

সংবাদ কলকাতা, ২৪ ডিসেম্বর: গতকাল রাতে বিকাশ ভবনে হানা দিল সিবিআই। উদ্ধার হল বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। জানা গিয়েছে, শুক্রবার রাতে পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ি চেপে সিবিআই-এর একটি তদন্তকারী দল সটান ঢুকে যান বিকাশ ভবনে। ভবনের কর্মীরা অধিকাংশই তখন বাড়ি ফিরে গিয়েছেন। সেখানে কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা পুলিশ ভেবে গাড়িটিকে বিনা বাধায় ঢুকতে দেন।

সেখানে গিয়ে তাদের প্রথম টার্গেট ছিল ওয়্যার হাউজ। যেটি আগেই সিল করে দিয়েছিল সিবিআই। আধিকারিকরা খতিয়ে দেখেন, সেই সিল ঠিকমত আছে কিনা। এরপর সিল খুলে ঢুকে পড়েন ওয়ার হাউসে। ওয়ার হাউস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে ফের সিল করে দিয়ে চলে যান তাঁরা।

তবে এখানেই এই অভিযানের শেষ নয়। ওয়ার হাউস থেকে সটান চলে যান ভবনের পাঁচ তলায়। সেখানে শিক্ষামন্ত্রীর ঘরের পাশে সচিবালয়ে প্রবেশ করেন তাঁরা। সচিবালয়ে গিয়ে নিজেদের পরিচয় দেন সিবিআই আধিকারিকরা। এরপর একের পর এক সেখানকার কম্পিউটারগুলি পরীক্ষা করে দেখেন তাঁরা। জিজ্ঞাসাবাদ করেন তিনজন কম্পিউটার অপারেটরকে। পাশাপাশি কম্পিউটারগুলি থেকে সংগ্রহ করেন বেশ কিছু নথি। এরপর বিকাশ ভবন থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। তবে যাওয়ার সময় নিজেদের পরিচয় দেওয়া ছাড়া মিডিয়ার সামনে আর কোনও কথা বলেননি। সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর এড়িয়ে যান তাঁরা।

Related posts

Leave a Comment